র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ২৬ মার্চ। প্রতিষ্ঠার পর থেকে সংস্থাটির বিরুদ্ধে ‘ক্রসফায়ার’ ও ‘বন্দুকযুদ্ধে’র নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ ওঠে। বিভিন্ন সময়ে র্যাবের আরও কিছু কর্মকাণ্ড বিতর্কিত হয়। এসব বিতর্ক ও সমালোচনার নিচে র্যাবের অনেক ভালো কাজও চাপা পড়ে গেছে বলে দাবি কর্মকর্তাদের। কর্মকর্তারা বলছেন, জঙ্গিবাদ দমন, মাদক উদ্ধার, সন্ত্রাসী-চাঁদাবাজ গ্রেপ্তারসহ বিভিন্ন অপরাধ দমনে র্যাবের রয়েছে অনেক সাফল্য।র্যাবের নিজেদের হিসাবে, গত আট বছরে সংস্থাটি গ্রেপ্তার করেছে এক লাখ ১৭ হাজার জনকে। উদ্ধার করেছে প্রায় সাড়ে নয় হাজার অস্ত্র, ৮২ হাজার ৫০০ গুলি, পাঁচ হাজার ককটেল, বোমা ও গ্রেনেড এবং প্রায় চার টন বিস্ফোরক।বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের হিসাব অনুযায়ী, গত বছর (২০১১ সালে) র্যাবের হাতে ক্রসফায়ারে নিহত হয়েছেন ৩৫ জন। তবে র্যাবের একজন কর্মকর্তা বলেন, ২০১১ সালে র্যাবের ‘ক্রসফায়ারে’ ৩২ জন নিহত হয়েছেন।র্যাবের গুলিতে পা হারানো কিশোর লিমন হোসেন এক পা নিয়েই এখনো নিয়মিত হাজিরা দিয়ে যাচ্ছেন। ডাকাতির অভিযোগে মামলার আসামি হয়েছেন র্যাব-৭-এর পরিচালকসহ কয়েকজন কর্মকর্তা।র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এম সোহায়েল বলেন, র্যাবের অনেক সাফল্য রয়েছে। দেশে-বিদেশে সুনাম রয়েছে। অনেক আলোচনা ও সমালোচনা রয়েছে। র্যাব সব সময়ই গঠনমূলক ও বস্তুনিষ্ঠ সমালোচনাকে স্বাগত জানিয়েছে। তিনি বলেন, অনেক সময় কিছু সমালোচনার আড়ালে চাপা পড়েছে র্যাবের অর্জনগুলো। দেশের জঙ্গিবাদ, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক উদ্ধারে র্যাবের ভূমিকা উল্লেখযোগ্য।