সাফল্য জানাতে সংবাদ সম্মেলন, দাবি ক্ষতিপূরণের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবাদ সম্মেলনের উপলক্ষ ছিল জিনগত পরিবর্তনের মাধ্যমে উৎপাদিত বিটি বেগুন চাষের সফলতা তুলে ধরা। কিন্তু উপস্থিত ১৬ জন কৃষকের মধ্যে পাঁচজন দাবি করলেন, তাঁরা এ বেগুন চাষে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাঁদের কেউ কেউ ক্ষতিপূরণও চাইলেন। অবশ্য দুজন কৃষক এ বেগুন চাষে সাফল্য পেয়েছেন বলে জানান। বাকিরা কথা বলেননি।
গতকাল রোববার বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই) আয়োজিত সংবাদ সম্মেলনে এমন চিত্র দেখা গেছে।
বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের মিলনায়তনে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিএআরআইয়ের মহাপরিচালক মো. রফিকুল ইসলাম মণ্ডল। তিনি বলেন, প্রথমবারেই এ বেগুন চাষে তাঁরা সফল হয়েছেন। কৃষকেরাও উৎপাদিত ফসলের ভালো দাম পেয়েছেন। তাই আগামী মৌসুমে অন্তত ১০০ কৃষককে এ বেগুন চাষের জন্য মনোনীত করা হবে। এ ছাড়া একই মৌসুমে জিএম আলু ও ধানের (গোল্ডেন রাইস) চাষও শুরু হবে।
চলতি বছরে জানুয়ারি মাসে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী গাজীপুর, জামালপুর, পাবনা ও রংপুর এলাকার ২০ জন বাছাই করা কৃষকের মধ্যে আনুষ্ঠানিকভাবে বিটি বেগুনের চারা বিতরণ করেন। তাঁদের ১৬ জন গতকাল সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
বিটি বেগুন বিষয়ে মহাপরিচালকের বক্তব্যের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে পাঁচজন কৃষক বলেন, তাঁরা এ বেগুন চাষে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ জন্য তাঁরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ক্ষতিপূরণ চান।
গাজীপুর সদর উপজেলার আবদুল বাতেন, কালীগঞ্জের মনসুর সরকার এবং শ্রীপুরের হাইদুল ইসলাম বলেন, তাঁরা এক বিঘা করে জমিতে সরকার থেকে দেওয়া এক হাজারের বেশি চারা লাগিয়েছিলেন। দেড়-দুই মাসের মধ্যে গাছে ফুল আসতে শুরু করার পর গাছগুলো মরে যেতে থাকে। কিছু ক্ষেত্রে যে অল্প পরিমাণ ফলন পাওয়া গেছে, সেগুলোও অপুষ্ট ও ছোট আকারের। ফলে বাজারে ক্রেতারাও সেগুলো কিনতে আগ্রহী হননি। অবশ্য একটি সফল উৎপাদনের বর্ণনা পাওয়া যায় রংপুরের পীরগঞ্জ উপজেলার কৃষক মো. আফজালের কাছে। তাঁর খেতের একটি ভিডিওচিত্রও সংবাদ সম্মেলনে দেখানো হয়।
কৃষকদের এসব বক্তব্যের পরিপ্রেক্ষিতে মহাপরিচালক কৃষকদের ক্ষতিপূরণ প্রদানের বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি। বরং বিটি বেগুন নিয়ে ‘বিরূপ’ প্রচারণার জন্য পরিবেশবাদী কয়েকটি সংগঠনকে দায়ী করে তিনি বলেন, ‘এর আগেও ওই সংগঠনগুলো বিটি বেগুন চাষ না করতে কৃষকদের ভয় দেখিয়েছে।’