পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, বিএনপির অতীতের কার্যক্রম এবং আওয়ামী লীগের সাফল্য তুলে ধরতে ঈদুল ফিতরের পরই মাঠে নামবে আওয়ামী লীগ। এ ব্যাপারে দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গতকাল শুক্রবার দুপুরে চাঁদপুর সফর শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। দীপু মনি বলেন, আওয়ামী লীগ গণমানুষের দল। চার বছরে দেশের যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে, সেই সাফল্যের কথা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এ ছাড়া ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সময় দেশে কী অরাজক পরিস্থিতি ছিল, মানুষ কীভাবে নিপীড়ন-নির্যাতনের শিকার হয়েছে, দুর্নীতি-দুঃশাসন চলেছে, জঙ্গি-সন্ত্রাসবাদের উত্থান হয়েছে—সেই কথাগুলো সাধারণ মানুষকে আবারও মনে করিয়ে দিতে হবে।
এর আগে পররাষ্ট্রমন্ত্রী কুমিল্লা-লালমাই-চাঁদপুর-লক্ষ্মীপুর-বেগমগঞ্জ সড়কের ৫৮ কিলোমিটার বক্স কালভার্টের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করেন।