সাফল্য ধরে রাখতে পারছেন না মেধাবীরা
এবারের এইচএসসি পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। তবে সাফল্য ধরে রাখতে পারেননি অনেক মেধাবী। তাঁরা ২০১০ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে কলেজে ভর্তি হলেও এবারের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাননি। এর মধ্যে যশোরের নামী কলেজের শিক্ষার্থীরাও রয়েছেন।এবারের এইচএসসি পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, যশোর শিক্ষা বোর্ডের সেরা-২০-এর তালিকার তৃতীয় হয়েছে যশোর ক্যান্টনমেন্ট কলেজ। ওই প্রতিষ্ঠান থেকে এবার ৭৮৬ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে ৩৬৪ জন জিপিএ-৫ পেয়েছেন। এর মধ্যে ৫৩১ জন শিক্ষার্থী এসএসসিতে জিপিএ-৫ নিয়ে কলেজটিতে ভর্তি হন। সেই হিসাবে এ কলেজের কমপক্ষে ১৬৭ জন শিক্ষার্থী তাঁদের আগের অবস্থান ধরে রাখতে পারেননি।সেরা তালিকার ১০ নম্বরে থাকা যশোর শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার ৪৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। অথচ ৬০ জন শিক্ষার্থী জিপিএ-৫ নিয়ে কলেজটিতে ভর্তি হয়েছিলেন। সেখান থেকে কমপক্ষে ১৬ জন শিক্ষার্থীর অবস্থান চ্যুত হয়েছে। এমনই একজন হলেন প্রতিষ্ঠানের বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী সৈকত রহমান। তিনি পেয়েছেন ৪ দশমিক ৮ পয়েন্ট। জিপিএ-৫ না পাওয়ায় কলেজ ক্যাম্পাসে এসেই তিনি কেঁদে ফেলেন। কেন এমনটি হলো জানতে চাইলে সৈকত বলেন, ‘চেষ্টা তো করেছিলাম। কেন জিপিএ-৫ পেলাম না বুঝতে পারছি না।’এদিকে গত বছর ১৭তম হওয়া যশোর সদর উপজেলার হামিদপুর আল-হেরা কলেজ এবারের সেরার তালিকায় স্থান পায়নি। ২০১০ সালে ৬০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে কলেজে ভর্তি হলেও এবার ৪৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আমিরুল আলম খান প্রথম আলোকে বলেন, ‘এসএসসিতে শিক্ষার্থীরা অভিভাবকদের নিবিড় তত্ত্বাবধানে থাকে। এইচএসসিতে সেটি অনেকটা কমে যায়। অনেক ক্ষেত্রে শিক্ষার্থীরা মেস বা হোস্টেলে থেকে লেখাপড়া করায় বেশি স্বাধীনতা ভোগ করে। যার জন্য লেখাপড়ায় ঘাটতি দেখা দেয়। ফলে শিক্ষার্থীরা আগের অবস্থান ধরে রাখতে পারে না।’ তবে যশোর ক্যান্টনমেন্ট কলেজের অধ্যক্ষ বোরহানুস সুলতান বলেন, ‘বছর দুয়েক আগে ঢাকার কয়েকটি নামী কলেজের শিক্ষার্থী ও তাদের ফলাফলের ওপর গবেষণা করে দেখা গেছে, ৪৫ থেকে ৫৫ শতাংশ শিক্ষার্থী আগের অবস্থান ধরে রাখতে পারছে না। সে সময়ে ক্যান্টনমেন্ট কলেজে এর হার ছিল ৬০ শতাংশ। এবার সেটি ৪০ শতাংশে নামিয়ে আনা সম্ভব হয়েছে।’হামিদপুর আল-হেরা কলেজের অধ্যক্ষ মফিজুল ইসলাম বলেন, ‘জিপিএ-৫ নিয়ে ভর্তি হওয়া ৬০ জন শিক্ষার্থীর মধ্যে ২০ জনের মতো ছিল মাদ্রাসার। ওই শিক্ষার্থীরা সাধারণ শিক্ষায় এসে তালগোল পাকিয়ে ফেলে।’এদিকে যশোর শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজে ২০ জন শিক্ষকের মধ্যে আটজন শিক্ষকের পদ খালি ছিল বলে জানান অধ্যক্ষ রণজিৎ কুমার ঘোষ। তিনি বলেন, ‘অতিথি শিক্ষক দিয়ে পাঠদান করায় শিক্ষার্থীরা যথাযথ শিক্ষা থেকে বঞ্চিত হতে পারে। তবে এখন শিক্ষকের সব পদ পূরণ করা হয়েছে।’ বেড়েছে পাসের হার, জিপিএ-৫: যশোর শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর এক লাখ পাঁচ হাজার ৮৮৯ পরীক্ষার্থীর মধ্যে ৭১ হাজার ৯৩৭ জন সব বিষয়ে কৃতকার্য হয়েছে। পাসের হার ৬৭ দশমিক ৮৭ শতাংশ। গত বছর এই হার ছিল ৬৩ দশমিক ৩৭। এবার জিপিএ-৫ পেয়েছে পাঁচ হাজার ২২৯ জন শিক্ষার্থী। গত বছর পেয়েছিল তিন হাজার ৩৭০ জন।এবার বোর্ডের ৫০৬টি কলেজের শিক্ষার্থী পরীক্ষা দেয়। এর মধ্যে চারটি কলেজের সব শিক্ষার্থী পাস করেছে। কলেজগুলো হলো: ঝিনাইদহ ক্যাডেট কলেজ (প্রথম), খুলনার ফুলতলার মিলিটারি কলেজিয়েট স্কুল (দ্বিতীয়), যশোরের ঝিকরগাছা উপজেলার শেখ আকিজ উদ্দিন উচ্চমাধ্যমিক স্কুল (ষষ্ঠ) এবং সদরের মির্জাপুর আদর্শ মহিলা কলেজ। গত বছর চারটি কলেজের কোনো শিক্ষার্থী পাস করেনি। এবার মাত্র একটি কলেজের পাসের হার শূন্য। বোর্ডের ফলাফলের ব্যাপারে যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আমিরুল আলম খান বলেন, শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতনতা বেড়েছে। প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকদের গুণগত মান বাড়ানো হয়েছে।