সাফল্য ধরে রাখার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ব টিকা দিবস উপলক্ষে আজ প্রথম আলো কার্যালয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি: ইউসুফ সা’দ
বিশ্ব টিকা দিবস উপলক্ষে আজ প্রথম আলো কার্যালয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি: ইউসুফ সা’দ

সম্প্রসারিত টিকাদান কর্মসূচির সাফল্যের কারণে বাংলাদেশে শিশু মৃত্যুর হার কমেছে। কমেছে পঙ্গুত্বের হারও। রাজনৈতিক সদিচ্ছা আর সর্বস্তরের মানুষের অংশগ্রহণ এই কর্মসূচিকে সফল করেছে। সাফল্য ধরে রেখে কর্মসূচিকে আরও সম্প্রসারিত করতে হবে।

গতকাল বুধবার বিশ্ব টিকা সপ্তাহ উপলক্ষে প্রথম আলো কার্যালয়ে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে চিকিত্সক ও বিশেষজ্ঞরা এসব মন্তব্য করেন। অনুষ্ঠানটির আয়োজক ছিল প্রথম আলো। সহযোগিতা করেছে লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল।

বাংলাদেশ পোলিওমুক্ত হওয়ার পর কোন পথে এগোবে, বাদ পড়া শিশুদের কীভাবে টিকাদান কর্মসূচির আওতায় আনা যায় ইত্যাদি বিষয় নিয়ে গতকাল কথা বলেন আলোচকেরা। তাঁরা বলেন, বাংলাদেশের মাথাপিছু আয় এখনো ১৭৫ ডলারের কম। সে কারণে দেশটি গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইম্যুনাইজেশনের (গাভি) সহযোগিতা পাচ্ছে। মাথাপিছু আয় বাড়ছে। যেকোনো সময় এ সহযোগিতা বন্ধ হয়ে যেতে পারে। সে সময়ও যেন টিকাদান কর্মসূচি অব্যাহত থাকে, সেই প্রস্তুতি নেওয়া প্রয়োজন।


জাতীয় অধ্যাপক ও বাংলাদেশের শীর্ষ শিশু বিশেষজ্ঞ এম আর খান বলেন, এ দেশে টিকা দিবসের দিনে মায়েরা সেজেগুজে সন্তান কোলে টিকাদান কেন্দ্রে যান। বিশ্বে এমন দেশও আছে যেখানে টিকাদানকর্মীকে হত্যা করা হয়।


চিকিত্সকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি মাহমুদ হাসান বলেন, ইপিআই কর্মসূচির সাফল্য বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। বাংলাদেশে স্বাস্থ্য খাতের অবকাঠামো খুবই মজবুত। এমন অবকাঠামো শুধু উন্নয়নশীল দেশগুলোতে নয়, উন্নত দেশেও সচরাচর দেখা যায় না।


লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের সাবেক আন্তর্জাতিক পরিচালক শেখ কবির হোসেন বলেন, স্বাস্থ্য খাতে সাফল্যের প্রচার কম, অপপ্রচার বেশি। হাম-রুবেলা ক্যাম্পেইন সফল হওয়ার অন্যতম কারণ ব্যাপক প্রচার। এই কর্মসূচির আওতায় ২৫ জানুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের পাঁচ কোটি ২০ লাখ শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ছিল। কর্মসূচিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি শিশুকে টিকা দেওয়া হয়।


সভায় ইপিআই অ্যান্ড সার্ভিলেন্সের কর্মসূচি ব্যবস্থাপক তাজুল ইসলাম বারি জানান, সম্প্রসারিত টিকাদান কর্মসূচির মাধ্যমে ৮১ শতাংশ শিশুর কাছে পৌঁছানো গেছে। বাদ পড়ে গেছে ১৯ শতাংশ শিশু। একটি শিশুও যেন টিকাদান কর্মসূচি থেকে বাদ না পড়ে সেজন্য সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। তিনি আরও জানান, পোলিওমুক্ত হওয়ার পর বাংলাদেশের শিশুদের জন্য পোলিও ইনজেকশন চালু করার কাজ চলছে। সবকিছু ঠিকঠাক থাকলে এ বছরের সেপ্টেম্বর-অক্টোবর নাগাদ শিশুরা পোলিও ও নিউমোনিয়ার জন্য ইনজেকশন পাবে।


স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও কমিউনিটি ক্লিনিক প্রকল্পের পরিচালক মাখদুমা নার্গিস বলেন, বাদ পড়া ১৯ শতাংশ শিশুকে খুঁজে বের করতে কমিউনিটি ক্লিনিকগুলোকে কাজে লাগানো যায়।

সাংসদ ও ইব্রাহিম কার্ডিয়াক সেন্টারের জ্যেষ্ঠ পরামর্শক হাবিব এ মিল্লাত বলেন, টিকাদান কর্মসূচির সাফল্য অনেকাংশে নিশ্চিত করেছেন স্বাস্থ্য বিভাগের মাঠকর্মীরা। তবে, গ্রামাঞ্চলে স্বাস্থ্য অবকাঠামো থেকে যেভাবে মানুষ সেবা পাচ্ছে, শহরাঞ্চলে সেভাবে পাচ্ছে না। কমিউনিটি ক্লিনিকের আদলে শহরাঞ্চলের মানুষের জন্য একটি ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন।


বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও ঢাকা শিশু হাসপাতালের অধ্যাপক রুহুল আমিন বলেন, সরকারের সদিচ্ছা, সংবাদমাধ্যমগুলোর সমর্থন, বিশেষজ্ঞ চিকিত্সকদের চেষ্টা, স্বাস্থ্য অধিদপ্তরের সব শ্রেণীর কর্মকর্তা-কর্মচারীদের কারণে বাংলাদেশ এ অবস্থানে পৌঁছতে পেরেছে। তিনি আরও বলেন, শিশু হাসপাতালে এখন ডায়রিয়ায় আক্রান্ত শিশুও খুব একটা দেখা যায় না। অপুষ্টিতে আক্রান্ত শিশুর সংখ্যাও কম।


আন্তর্জাতিক উদারাময় গবেষণা কেন্দ্রের জ্যেষ্ঠ বিজ্ঞানী ফেরদৌসী কাদরি বলেন, ডায়রিয়ায় শিশু মৃত্যুর হার কমলেও শিশুরা দুই বছর বয়স পর্যন্ত ১০-১২বার ডায়রিয়ায় ভোগে। তিনি তাঁর বক্তব্যে ইপিআই কর্মসূচির প্রশংসা করেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার চিকিত্সা কর্মকর্তা জয়থ লিয়ানাগে বলেন, রাজনৈতিক সদিচ্ছার কারণে বাংলাদেশে টিকাদান কর্মসূচি সফল হয়েছে।


সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজের শিশু বিভাগের অধ্যাপক আজিজুর রহমান বলেন, সচেতনতা বাড়ানোয় এত জোর দিতে হবে যেন সাধারণ মানুষ টিকাদান কেন্দ্র খুঁজে শিশুদের টিকা দিতে নিয়ে আসেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওষুধ প্রযুক্তি বিভাগের অধ্যাপক আ ব ম ফারুক বলেন, শিশুদের শরীরে রোগপ্রতিরোধের ক্ষমতা তৈরি হয়েছে কি না, সেটি নির্ভর করবে শিশুর পুষ্টির ওপর, খাদ্যাভ্যাস ও জীবনধারণ প্রণালির ওপর। সে দিকেও নজর দিতে হবে। তিনি আরও বলেন, বেশ কিছু রোগের টিকা বেসরকারিভাবে দেওয়া হয়। এসব ক্ষেত্রে অনেক সময়ই কোল্ড চেইন অনুসরণ করা হয় না। টিকার কার্যকারিতা নষ্ট হয়। কখনো কখনো টিকা নকলও হয়।


ঢাকা শিশু হাসপাতালের সহযোগী অধ্যাপক রিয়াজ মোবারক বলেন, টিকা দিলে শিশুদের শরীরে রোগপ্রতিরোধের ক্ষমতা তৈরি হয়। আসলে কত শিশুর রোগ প্রতিরোধক্ষমতা তৈরি হলো, সেটি পরীক্ষা করে দেখা দরকার।


স্বাস্থ্যবিষয়ক জ্যেষ্ঠ প্রতিবেদক মোড়ল নজরুল ইসলাম বলেন, বাংলাদেশের বেশ কিছু প্রতিষ্ঠান ভ্যাকসিন তৈরি করছে। আমদানি করা ভ্যাকসিনগুলোর পরিবর্তে দেশে তৈরি ভ্যাকসিন ব্যবহার করা যায় কি না, সে বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন।


জাতীয় পোলিও মিজেলস অ্যান্ড এএমইএস ল্যাবরেটরির ভাইরোলোজিস্ট খন্দকার মাহবুবা জামিল বলেন, ভ্যাকসিন উত্পাদনকারী দেশীয় প্রতিষ্ঠানগুলো বিশ্বস্বাস্থ্য সংস্থার সনদ পাওয়ার চেষ্টা করতে পারে। তাহলে আর মান নিয়ে কোনো প্রশ্ন উঠবে না। তিনি আরও বলেন, শিশুদের পাশাপাশি বড়দেরও প্রয়োজনীয় টিকা দেওয়ার উদ্যোগ নেওয়া যেতে পারে। বাংলাদেশে বহু নারী জরায়ুমুখের ক্যানসারে আক্রান্ত হন। টিকা নিলে এই ক্যানসার রোধ করা সম্ভব।


ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেনটিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিনের (নিপসম) শিক্ষক বায়জীদ খুরশীদ রিয়াজ বলেন, সংক্রামক রোগগুলোর মতো অসংক্রামক রোগও টিকা দিয়ে প্রতিরোধ করা যায় কি না, সে বিষয়ে যথেষ্ট গবেষণা হওয়া দরকার।


লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের কাউন্সিল সেক্রেটারি খন্দকার জাহাঙ্গীর কবীর গাভি অ্যালায়েন্সের অন্যতম সদস্য হিসেবে লায়ন্স কীভাবে কাজ করছে, সে সম্পর্কে জানান।

ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের সাবেক সভাপতি এ কে এম গোলাম কিবরিয়া সব মানুষকে টিকাদানে উদ্বুদ্ধ করার ওপর জোর দেন।


অনুষ্ঠানের শেষ পর্যায়ে সবাইকে ধন্যবাদ জানান লায়ন্স ইন্টারন্যাশনালের কাউন্সিল চেয়ারপারসন এস এম জগলুল এ মজুমদার। গোলটেবিল বৈঠকটি সঞ্চালনা করেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম।