সাফল্য ধরে রেখেছে ফেনীর দুটি শিক্ষা প্রতিষ্ঠান

কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন এসএসসি পরীক্ষার ফলাফলে ফেনী গার্লস ক্যাডেট কলেজ ও ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় সাফল্যের ধারা অব্যাহত রেখেছে৷ ফেনী গার্লস ক্যাডেট কলেজ থেকে ৬১ জন পরীক্ষা দিয়ে শতভাগ পাস করেছে। জিপিএ ৫ পেয়েছে ৬০ জন।
ফেনী গার্লস ক্যাডেট কলেজের অধ্যক্ষ জাহানারা চৌধুরী বলেন, প্রতিষ্ঠানের নিজস্ব পাঠদানপদ্ধতি অনুসরণ, শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বিত প্রচেষ্টায় এই ফলাফল অর্জন সম্ভব হয়েছে।
ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে এ বছর পরীক্ষা দেয় ২৫৯ জন। পাসের হার শতভাগ। জিপিএ-৫ পেয়েছে ১৩৬ জন।
ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত নাথ বলেন, বিদ্যালয়ে শিক্ষকস্বল্পতা সত্ত্বেও শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের আন্তরিক প্রচেষ্টায় ভালো ফল অর্জন সম্ভব হয়েছে।
গতকাল বৃহস্পতিবার ঘোষিত ফলে দেখা যায়, ফেনী সরকারি পাইলট হাইস্কুল থেকে ৩০৩ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ২৮৫ জন। জিপিএ-৫ পেয়েছে ৭০ জন। ফেনী শাহীন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ থেকে ৩৯১ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৩৬৮ জন। জিপিএ-৫ পেয়েছে ৩২ জন।
ফেনী সেন্ট্রাল হাইস্কুল থেকে ৫২৮ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৪৩১ জন। জিপিএ-৫ পেয়েছে ৫ জন।