
ঈদ উপলক্ষে নতুন চলচ্চিত্র মুক্তি দেওয়ার রীতি অনেক পুরোনো। এবারও ঈদে এর ব্যতিক্রম ঘটেনি। সংখ্যার দিক থেকে তুলনামূলক কম হলেও ঈদের ছবি হিসেবে মুক্তি পেয়েছিল চারটি নতুন ছবি। এর মধ্যে ছিল মালেক আফসারীর ফুল অ্যান্ড ফাইনাল, সফিউদ্দিন সফির পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী, রাকিবুল আলমের প্রেমিক নাম্বার ওয়ান এবং শাহ মোহম্মদের কি প্রেম দেখাইলি। ছবিগুলোর সাফল্য নিয়ে সংশ্লিষ্টদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে।
বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি জানিয়েছে, নতুন এ চারটি ছবি সারা দেশের মোট ২১৯টি হলে মুক্তি পেয়েছিল। সমিতির সাধারণ সম্পাদক মিয়া আলাউদ্দীন প্রথম আলোকে বলেন, মুক্তিপ্রাপ্ত চারটি ছবির মধ্যে দুটি পুরোপুরি ডিজিটাল মাধ্যমে তৈরি হয়েছে। বাকি দুটি ৩৫ মিলিমিটারে তৈরি হলেও সব কটি ছবিই ডিজিটাল প্রযুক্তিতে প্রদর্শন করা হয়েছে। এ কারণে পর্দায় যেমন ঝকঝকে দেখা গেছে, তেমনি শব্দের মানও ভালো ছিল। সব ছবিতেই ছিল তারকা শিল্পীর উপস্থিতি। এ কারণে সবগুলো ছবির ভালো সাড়া পাওয়া গেছে।
মধুমিতা মুভিজের ব্যবস্থাপনা পরিচালক ইফতেখার উদ্দিন জানালেন, তাঁদের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী দ্বিতীয় দিন থেকে দারুণ সাড়া ফেলেছে। প্রতিটি প্রদর্শনীতে দর্শকপূর্ণ হচ্ছে। তাঁর মতে, মূলত বৈচিত্র্যপূর্ণ গল্প, গান আর তারকা শিল্পীর প্রাণবন্ত উপস্থিতির কারণে দর্শক ছবিটি গ্রহণ করেছে। তবে ছবির সাফল্য নিয়ে কেউ কেউ হতাশাও প্রকাশ করেছেন। রাজধানী মিরপুরের সনি সিনেমা হলের উদ্যোক্তা এবং প্রযোজক মোহাম্মদ হোসেন বলেন, এবার ঈদের ছবির বাজার বেশ খারাপ গেছে। ঈদুল ফিতরে শাকিব খানের মাই নেম ইজ খান ছবিটি টানা ১৪ দিন চলেছে। এই ঈদে মুক্তিপ্রাপ্ত প্রেমিক নাম্বার ওয়ান ছবিটি নয় দিন চালাতে গিয়ে হিমশিম খেতে হয়েছে। এটি অন্য ছবির তুলনায় মন্দের ভালো ছিল।
প্রযোজক, পরিবেশক সমিতির নেতা খোরশেদ আলম বলেন, এখন সবগুলো ছবি ডিজিটাল মাধ্যমে দেখানো হচ্ছে। এ জন্য যন্ত্রপাতি ভাড়া করতে হয়। এতে বাড়তি খরচ হয়ে যায়। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর পূর্ণিমা সিনেমা হলে দারুণ ভিড় দেখা গেল। ছবি দেখতে আসা মিরপুর এলাকার মাহমুদ সুমন বলেন, ‘ছোটবেলা থেকেই ঈদে নতুন ছবি দেখে আসছি। সেই ধারাবাহিকতায় আজও এলাম। কিন্তু ছবি দেখে হতাশ।’
মধুমিতা সিনেমা হলে এসেছিলেন গোপীবাগের বাসিন্দা দুই ভাইবোন পাপ্পু ও পূর্বা। পাপ্পু বলেন, পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনীতে জয়া আহসান অভিনয় করেছেন। ‘বাণিজ্যিক ছবিতে এই প্রিয় অভিনেত্রীকে কেমন লাগে, তা দেখতে এলাম। ভালো লেগেছে।’ তবে পূর্বা বললেন, গল্পে তেমন নতুনত্ব নেই। চলচ্চিত্র-সংশ্লিষ্টদের মতে, দিনে দিনে এ শিল্পে অর্থলগ্নি যেমন কমছে, তেমনি কমছে নতুন ছবির সংখ্যা। এখন সবচেয়ে বড় আশার কথা হলো, বর্তমানে চলচ্চিত্রে ডিজিটাল প্রযুক্তির ছোঁয়া লেগেছে। কিন্তু এটাকে পরিপূর্ণভাবে কাজে লাগানো খুবই জরুরি।