সাফল্য পেয়েছে অনেক নতুন শিক্ষাপ্রতিষ্ঠান
কুমিল্লা বোর্ডের এবারের এসইচএসসি পরীক্ষার ফলাফলে নামীদামি অনেক শিক্ষাপ্রতিষ্ঠানকে পেছনে ফেলে শীর্ষ বিশে উঠে এসেছে বেশ কয়েকটি কলেজ। এর মধ্যে উপজেলা পর্যায়েরও রয়েছে কয়েকটি।মুরাদনগরের দুটি কলেজের তাক লাগানো সাফল্য: কুমিল্লার মুরাদনগর উপজেলার প্রত্যন্ত অঞ্চলের দুটি কলেজ এবার তাক লাগানো সাফল্য দেখিয়েছে। বোর্ডের শীর্ষ ২০টি প্রতিষ্ঠানের মধ্যে কলেজ দুটি যথাক্রমে সপ্তম ও ১৬তম স্থান অর্জন করেছে। কলেজ দুটি হলো রামচন্দ্রপুর গ্রামের অধ্যাপক আবদুল মজিদ কলেজ ও কাজী নোমান আহমেদ কলেজ।এবার অধ্যাপক আবদুল মজিদ কলেজের ৭০০ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৭৭ জন পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছেন ৫০ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ৪০ জন, ব্যবসায় শিক্ষায় নয়জন ও মানবিকে একজন জিপিএ-৫ পেয়েছেন। প্রতিষ্ঠালগ্ন থেকেই কলেজটি ধারাবাহিক সাফল্য দেখিয়ে আসছে। কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবদুল মজিদ বলেন, ‘সবার সম্মিলিত প্রচেষ্টা থাকলে আরও ভালো ফল করা সম্ভব। ভবিষ্যতে আমরা আরও ভালো ফল করার চেষ্টা করব।’অন্যদিকে কাজী নোমান আহমেদ কলেজের ১৮৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১৮১ জন পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছেন ১২ জন। কলেজের ভারপ্রাপ্ত মো. সাদেক জানান, মানবিকে ৭৮ জন পরীক্ষা দিয়ে ৭৭ জন পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছেন পাঁচজন। বিজ্ঞান বিভাগে ২৬ জন পরীক্ষা দিয়ে সবাই পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছেন চারজন এবং ব্যবসায় শিক্ষা শাখায় ৮১ জন পরীক্ষা দিয়ে ৭৮ জন পাস করেছেন। তিনজন জিপিএ-৫ পেয়েছেন। নোয়াখালী সরকারি কলেজ সেরা দশে: নোয়াখালী সরকারি কলেজ কুমিল্লা বোর্ডের সেরা ১০টি কলেজের মধ্যে পঞ্চম স্থান অর্জন করেছে। এই কলেজ থেকে এক হাজার ১৪২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ৯১৮ জন। জিপিএ-৫ পেয়েছেন ৯৩ জন। এর মধ্যে বিজ্ঞানে ৮৪ জন, বাণিজ্যে সাতজন ও মানবিকে তিন জন জিপিএ-৫ পেয়েছেন। পাসের হার ৮০ দশমিক ৩৮ শতাংশ। এ ছাড়া নোয়াখালী সরকারি মহিলা কলেজের ৮৯৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৬০২ জন। জিপিএ-৫ পেয়েছেন নয়জন।ফেনী সরকারি কলেজ বোর্ডে ষষ্ঠ: ফেনী সরকারি কলেজ কুমিল্লা বোর্ডে সেরা দশে ষষ্ঠ স্থান অর্জন করেছে। এ কলেজ থেকে ৪৬ জন জিপিএ-৫ পেয়েছেন। মোট এক হাজার ৮৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৮৮৫ জন। পাসের হার ৮২ শতাংশ।ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাফল্য: বোর্ডের সেরা ১০টি কলেজের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ নবম স্থান অর্জন করেছে। কুমিল্লা শিক্ষা বোর্ডের পাসের হার ৭২ শতাংশ হলেও এ কলেজের পাসের হার ৭৬। জিপিএ-৫ পেয়েছেন ৫৬ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগে-৩৪, ব্যবসায় শিক্ষায় ১৬ ও মানবিকে ছয়জন। কলেজের অধ্যক্ষ কাজী মোস্তাফা জালাল বলেন, ২৪ শতাংশ পরীক্ষার্থী অকৃতকার্য হলেও অন্যবারের তুলনায় এবার পাসের হার ও জিপিএ-৫-এর সংখ্যা অনেক ভালো। এ ধারা অব্যাহত রাখতে পারলে অচিরেই এই কলেজের পাসের হার শতভাগ করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।