সাফল্যে সেরা সমস্যায় ঘেরা
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার (পিএসসি) ফলাফলে এবার রংপুরের বদরগঞ্জের নুকুড়েরদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় দ্বিতীয় স্থান অধিকার করে। আট বছর ধরেই এখানে পিএসসিতে পাসের হার শতভাগ বলে জানান শিক্ষকেরা। কিন্তু দীর্ঘদিন ধরে বিদ্যালয়টি শিক্ষক-সংকট, বেঞ্চ-সংকটসহ নানা সমস্যায় জর্জরিত।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, উপজেলা সদর থেকে ১০ কিলোমিটার দূরে ১৯৯২ সালে ৩৯ শতক জমির ওপর বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ২০১৩ সালে এটি জাতীয়করণ হয়। ২০০০ সালে সরকারিভাবে ৭ লাখ ২৪ হাজার টাকা ব্যয়ে তিন কক্ষবিশিষ্ট একতলা ভবন নির্মাণ করা হয়। শুরু থেকেই চারজন শিক্ষক দিয়ে এর পাঠদান কার্যক্রম চলে আসছে। বর্তমানে সেখানে শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী আছে ৩০০।
গত শনিবার সরেজমিনে দেখা যায়, অনেক শিক্ষার্থী মাঠে গোল হয়ে বসে বই পড়ছে। সেখানে কোনো শিক্ষক নেই। এ সময় কথা হয় পঞ্চম শ্রেণির শিক্ষার্থী হাসান বাবু, নাসিমা আরজু, প্রভাতি ও শরিফুলের সঙ্গে। নাসিমা আরজু বলে, ‘এখন আমাদের ক্লাস নাই। ১২টার পর প্রথম-দ্বিতীয় শ্রেণির ছুটি হলে ক্লাস শুরু হবে। সেই জন্য মাঠে বসে বই পড়ছি।’
দ্বিতীয় শ্রেণির কক্ষে গিয়ে দেখা যায়, ক্লাস নিচ্ছেন সহকারী শিক্ষিকা আঞ্জুমান আরা বেগম। এ সময় শিক্ষার্থী উপস্থিত ছিল ৪৮ জন। ওই কক্ষে বেঞ্চ ১৮ জোড়া। সেখানে দুজন করে বসার বেঞ্চে তিনজন বসে আছে।
আঞ্জুমান আরা বেগম বলেন, ‘বিদ্যালয়ে শিক্ষক-সংকটের কারণে সকাল সাড়ে নয়টা থেকে বিকেল সোয়া চারটা পর্যন্ত এত শিক্ষার্থীর ক্লাস নেওয়া কষ্টসাধ্য হয়ে পড়ে।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমদেল হোসেন বলেন, ৩০০ শিক্ষার্থীর জন্য বিদ্যালয়ে ৪৮ জোড়া বেঞ্চ আছে। কক্ষ-সংকটের কারণে দুই পালায় পাঠদান করা হয়। দীর্ঘদিন ধরে বিদ্যালয়টি সংস্কার না করায় মেঝের প্লাস্টার উঠে গর্ত হয়ে গেছে। বৃষ্টি হলে ছাদ চুইয়ে শ্রেণিকক্ষের ভেতরে পানি পড়ে।
এদিকে উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৪-১৫ সালের পিএসসি পরীক্ষার ফলাফলে উপজেলার ১৬৩টি সরকারি প্রাথমিক, ১৬টি কিন্ডারগার্টেনসহ ২২৩টি বিদ্যালয়ের মধ্যে নুকুড়েরদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় দ্বিতীয় স্থান অধিকার করেছে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহম্মেদ বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫০ জন শিক্ষার্থীর বিপরীতে একজন শিক্ষক থাকার নিয়ম। সে অনুযায়ী ওই বিদ্যালয়ে ছয়জন শিক্ষক থাকা উচিত। আট বছর ধরে পিএসসি পরীক্ষায় ওই বিদ্যালয়টি থেকে শতভাগ শিক্ষার্থী পাস করছে। একাধিক শিক্ষার্থী মেধাবৃত্তিও পাচ্ছে। সেখানে কক্ষ-সংকট দূর করার জন্য নতুন ভবন নির্মাণের চেষ্টা করা হচ্ছে। এ-সংক্রান্ত যাবতীয় কাগজপত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।