সাফল্যের আলোয় ভাস্বর ওরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেনারুল ইসলাম, সুরভি আক্তার, জহিরুল ইসলাম, রুমী আক্তার
মেনারুল ইসলাম, সুরভি আক্তার, জহিরুল ইসলাম, রুমী আক্তার

দুবেলা দুমুঠো খাবার েজাটেনি। পরা হয়নি নতুন জামা। সংসারের খরচ জোগাতে কেউ কৃষিশ্রমিক, কেউ ব্যাগ বিক্রি, কেউ বা গৃহশিক্ষকতার কাজ করেছে। এমনি শত প্রতিকূলতার সঙ্গে যুদ্ধ করে ওরা এবারের এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ সাফল্য ছিনিয়ে এনেছে৷ পেয়েছে জিপিএ-৫। আজ আমরা শুনব সাফল্যের আলোয় আলোকিত এমন চার কৃতী শিক্ষার্থীর গল্প৷
মেনারুল তখন কামলা দিচ্ছে: গত শনিবার বিকেলে অন্য সবাই যখন ফলাফল জানার জন্য ছুটছিল, ভালো ফল দেখে আনন্দ করছিল, রংপুরের তারাগঞ্জ উপজেলার খলেয়া গ্রামের মেনারুল ইসলাম তখন অন্যের জমিতে কামলা খাটছিল। রাতে বাড়ি ফিরে সে জানতে পারে জিপিএ-৫ পাওয়ার কথা। সে রংপুরের তারাগঞ্জ উপজেলার কাশিয়াবাড়ি স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্র ছিল। তার বাবা আইয়ুব আলী একজন দিনমজুর। অন্যের জমিতে ছোট একটা কুঁড়েঘর তুলেছেন। সেখানেই বাবা-মা ও বোনের সঙ্গে বাস করে মেনারুল। ঘরে বিদ্যুৎ ও চেয়ার-টেবিল নেই। ঘরের এক পাশে ভাঙা চৌকিতে বসে রাতে কুপির আলোতে লেখাপড়া করত সে।
মেনারুল বলে, সে জানত ওই দিন ফল প্রকাশ করা হবে। কিন্তু আগ্রহ থাকলেও তার ফলাফল জানতে যাওয়ার উপায় ছিল না। মাঠে কাজ ছিল। রাতে বিদ্যালয়ের এক শিক্ষকের কাছ থেকে ফল জেনেছে সে।
গৃহশিক্ষকতা করত সুরভি: সুরভি আক্তারদের বাড়ি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা শহরের কেউটিল কৃষ্ণতলায়। বাবা আতিয়ার রহমান ঢাকার কেরানীগঞ্জে একটি ডকইয়ার্ডের শ্রমিক। বড় ভাই নাইমুর রহমান নারায়ণগঞ্জে থেকে স্নাতক শ্রেণিতে পড়াশোনা করছেন। তার বাবা যা আয় করেন, তা দিয়ে নিজেই চলতে পারেন না। তাই অনেক আগে থেকেই গৃহশিক্ষকতা করে লেখাপড়ার খরচ জোগাড় করতে শুরু করে সে। কোনো দিন ভালো পোশাক পরে বিদ্যালয়ে যেতে পারেনি। ছোট একটি ঝুপড়িতে মায়ের সঙ্গে থাকত সে। এই মেয়েটিই শিক্ষকদের সহায়তা ও নিজের চেষ্টায় এবার গোয়ালন্দ উপজেলার প্রপার উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে সব বিষয়ে জিপিএ-৫ পেয়েছে। এক মাস আগে কালবৈশাখীতে তাদের থাকার ঝুপড়িটি মাটিতে মিশে গেছে। মেরামত করার সাধ্য না থাকায় মাকে নিয়ে পাশের বাড়িতে চাচা মতিউর রহমানের কাছে আশ্রয় নিয়েছে তারা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান বলেন, ‘সুরভি মেধাবী ছাত্রী। তার চেষ্টা দেখে বিদ্যালয়ের পক্ষ থেকে আমরাও সাধ্য অনুযায়ী সহায়তা করেছি।’
ব্যাগ বিক্রি করে লেখাপড়া: বুধ ও শনিবার তৃতীয় পিরিয়ডের পর শিক্ষকদের কাছ থেকে ছুটি নিয়ে পাশের হাটে গিয়ে জালি ব্যাগ (জালের তৈরি ব্যাগ) বিক্রি করত জহিরুল। তার বাবা শাহজালাল সবজি বিক্রেতা। বাবার আয়ে সংসার এবং সেসহ পাঁচ ভাইবোনের লেখাপড়ার খরচ চালানো সম্ভব হচ্ছিল না। এ কারণে চতুর্থ শ্রেণিতে থাকা অবস্থায়ই সে হাটে গিয়ে জালি ব্যাগ বিক্রির কাজ শুরু করে। পাশাপাশি লেখাপড়া চালিয়ে যায়। এভাবে নিজের চেষ্টায় সে এবার কুমিল্লার দাউদকান্দি উপজেলার বরকোটা স্কুল অ্যান্ড কলেজ থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ-৫ পেয়েছে। জহিরুল বলে, ‘সন্ধ্যার পর থেকে রাত ১০টা এবং সকালে চার ঘণ্টা লেখাপড়া করেছি। এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পর কলেজে ভর্তি হওয়ার টাকা সংগ্রহ করতে রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করছি।’
ঘর সামলে পড়ত রুমী: রুমীর বাবা শেখ রুনু স্থানীয় একটি বেকারির কারখানায় চাকরি করেন। তবে নিয়মিত কাজ না করায় বেতন পান কম। মা সুফিয়া বেগম মানুষের বাড়িতে কাজ করেন। তাই তাঁদের আয়ে সংসার চলে না। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে রুমী সবার বড়। তাই তার দায়িত্বও বেশি। মা সারা দিন মানুষের বাড়ি বাড়ি গিয়ে কাজ করায় রুমীকে ঘর সামলাতে হয়েছে। পাশাপাশি লেখাপড়া করার খরচ জোগাড় করার জন্য গৃহশিক্ষকতা করেছে। এত পরিশ্রম করে পড়াশোনা করে সে এবার ফরিদপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষায় জিপিএ-৫ পেয়েছে। রুমী বলে, ‘মায়ের কারণেই পড়াশোনা চালিয়ে যেতে পেরেছি। অনেক রাত পর্যন্ত পড়েছি। ভোরে উঠে বাড়ির কাজ করতে হয়েছে।’ মা সালেহা বেগম বলেন, ‘আমি সব কষ্ট করছি মেয়ের মুখের দিকে তাকিয়ে। ও পড়াশোনা করে সমাজে প্রতিষ্ঠিত হোক, এটাই আমার স্বপ্ন।’
[প্রতিবেদন পাঠিয়েছেন রহিদুল মিয়া, তারাগঞ্জ (রংপুর); এম রাশেদুল হক, গোয়ালন্দ (রাজবাড়ী); আবদুর রহমান, দাউদকান্দি (কুমিল্লা); পান্না বালা, ফরিদপুর]