
ওরা চারজন সহায়-সম্বলহীন পরিবারের সদস্য। একজন ছোটবেলা থেকে কৃষিশ্রমিকের কাজ করেছে। আরেক ছাত্রীকে করতে হয়েছে ঝিয়ের কাজ। অন্য দুজনের বাবা দিনমজুর। দিন এনে দিন খেতে হয়। এমন প্রতিকূল পরিস্থিতিতে এরা পড়াশোনা করেছে। সাফল্য ছিনিয়ে এনেছে। এবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে। কিন্তু পড়াশোনা চালিয়ে যাওয়া নিয়ে তারা শঙ্কিত।
কিশোর তখন ধান কাটছিল
কিশোর বিশ্বাস নিজ গ্রামের এক বাড়িতে দিনমজুরি করছিল। খেতের পাকা ধান কাটায় ব্যস্ত ছিল সে। আর তখনই খবর পায় সে এবার জিপিএ-৫ পেয়ে এসএসসি পাস করেছে। সে সঙ্গে সঙ্গে ছুটে যায় বিধবা মায়ের কাছে। মাকে জড়িয়ে ধরে আনন্দাশ্রু ঝরায়। ওর বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁচড়া গ্রামে। ক্যানসারে আক্রান্ত হয়ে ২০০৯ সালে কিশোরের বাবার মৃত্যু হয়। বড় ভাই সাগর বিশ্বাস তখন চতুর্থ শ্রেণির ছাত্র। মাত্র এক শতক জমির ওপর একটি টিনের ঘরে মা সাবিত্রী বিশ্বাসকে নিয়ে তাদের বাস।
কিশোর জানায়, ছোটবেলা থেকেই তাকে কৃষিশ্রমিকের কাজ করতে হয়েছে। আর তার বড় ভাই স্কুল শেষে কালীগঞ্জ শহরে মাছ বিক্রি করেছে। এখন কলেজে পড়ছে। কিশোর এবার চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেয়। প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায়ও সে জিপিএ-৫ পেয়েছিল।
মা সাবিত্রী বিশ্বাস বলেন, তাঁর ছেলে চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখে। কিন্তু এ স্বপ্ন কী করে পূরণ হবে তিনি বুঝতে পারছেন না।
ঝিয়ের কাজ করেছে মিরা
মিরা সুলতানা অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করেছে। প্রতিবেশীর শিশুদের পড়িয়েছে। কখনো মায়ের সঙ্গে যোগ দিয়েছে কৃষিশ্রমিকের কাজে। এর মধ্যেও পড়াশোনা চালিয়ে সে মিরা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভুরুলিয়া সিরাজপুর স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পাস করেছে। তার বাড়ি রুদ্রপুর গ্রামে।
মিরা বলে, মাত্র ছয় বছর বয়সে তার বাবা তাদের ছেড়ে চলে যান। আর যোগাযোগ রাখেননি। তখন থেকেই ছোট ভাই ও তাকে নিয়ে মা ফজিলা খাতুনের বেঁচে থাকার লড়াই শুরু হয়। নানাবাড়িতে এক শতক জমির ওপর কুঁড়েঘরে থাকে। দিনমজুর মামা ও এলাকাবাসীর সাহায্য-সহযোগিতায় পড়াশোনা চালিয়ে আসছিল সে। কিন্তু দশম শ্রেণিতে পড়াশোনার খরচ অনেক বেড়ে যায়। তখন সে ঝিয়ের কাজ শুরু করে। শিশুদের পড়ায় আর দিনমজুরি করে। স্বপ্ন দেখে চিকিৎসক হয়ে গরিব-দুঃখী মানুষের সেবা করবে।
ফরম পূরণের টাকা ছিল না তার
ছামছুন নাহারের বাবা মূকবধির। তিনি দিনমজুরি করে সংসার চালান। মেয়ের ফরম পূরণের টাকা জোগাড় করতে পারছিলেন না। পরে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কাশিড়া উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বিপ্লব সাখিদার টাকা দেন। ছামছুন নাহার এবার ওই বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে। পিইসি ও জেএসসি পরীক্ষায়ও সে জিপিএ-৫ পেয়েছিল। তার বাড়ি উপজেলার মহীতুড় গ্রামে।
শামছুন নাহার বলে, ‘আপাতত বগুড়ার সরকারি আজিজুল হক কলেজে ভর্তি হতে চাই। কিন্তু বাড়ির বাইরে গিয়ে থাকা-খাওয়া ও পড়াশোনার খরচ জোগানোর মতো আর্থিক সংগতি আমাদের নেই।’
তার মা সেলিনা খাতুন বলেন, তাঁরা দিন এনে দিন খান। তাঁর স্বামী একদিন কাজে না গেলে তাঁদের সংসার চলে না। এই পরিস্থিতিতে মেয়ের পড়াশোনা চালানোর এত টাকা কোথায় পাবেন?
কলেজে পড়া নিয়ে শঙ্কিত ইমরান
ইমরান মিয়া লস্কর এবার হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন বিশ্বনাথ স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে। এর আগে পিইসি ও জেএসসি পরীক্ষায়ও সে জিপিএ-৫ পেয়েছিল। তার বাড়ি উপজেলার শিমুলঘর গ্রামে। বাবা ছুট্টো মিয়া লস্কর দিনমজুর ও মা রাহেলা খাতুন গৃহিণী। আট সদস্যের পরিবারে তার বাবা একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। ভিটেমাটি ছাড়া জমিজমা নেই। আয়ের আর কোনো উৎস নেই। তাই ইমরানের পড়াশোনা কী করে চলবে, এ নিয়ে তিনি দুশ্চিন্তা করছেন।
ছুট্টো মিয়া বলেন, নিজে হাড়ভাঙা মজুর খেটেছেন। কিন্তু ছেলেটাকে পড়াশোনা চালিয়ে যেতে উৎসাহ দিয়েছেন। ছেলে বরাবরই ভালো ফলাফল করে এসেছে। কিন্তু ছেলের কলেজের খরচ কী করে জোটাবেন ভেবে পাচ্ছেন না।
ইমরান বলে, এখন সে কোনো একটা ভালো কলেজে ভর্তি হওয়ার কথাই ভাবছে। কিন্তু তার পরিবারের আর্থিক সংগতি নেই। এ কারণে সে শঙ্কিত।
{প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়েছেন নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা ও ঝিনাইদহ এবং হবিগঞ্জ ও আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি