সাফল্যের শিখরে পৌঁছাতে চায় নম্রতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় শিশু প্রতিযোগিতায় লোকনৃত্যে খ বিভাগে তৃতীয় হয়েছে রাঙামাটির নম্রতা খীসা l সুপ্রিয় চাকমা
জাতীয় শিশু প্রতিযোগিতায় লোকনৃত্যে খ বিভাগে তৃতীয় হয়েছে রাঙামাটির নম্রতা খীসা l সুপ্রিয় চাকমা

একাগ্রতা আর সাধনা মানুষকে পৌঁছে দিতে পারে অন্য উচ্চতায়। এমন মন্ত্রই ছিল নম্রতার মূল শক্তি। আর এই মন্ত্র অর্থাৎ সাধনা আর একাগ্রতার জোরে বাংলাদেশ শিল্পকলা একাডেমি জাতীয় শিশু প্রতিযোগিতায় ‘লোকনৃত্যে’ ‘খ’ শাখায় তৃতীয় হয়েছে রাঙামাটির মেয়ে নম্রতা খীসা।
গত ২৩ জানুয়ারি ঢাকা শিল্পকলা একাডেমি মিলনায়তনে রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছ থেকে নম্রতা এই পুরস্কার গ্রহণ করে। রাঙামাটি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির বিজ্ঞান শাখার ছাত্রী নম্রতার উৎসাহ বাড়িয়ে দিয়েছে এই পুরস্কার। সে আরও এগিয়ে যেতে চায়। পৌঁছাতে চায় সাফল্যের শিখরে।
রাঙামাটি শহরের কলেজ গেট এলাকার মন্ত্রীপাড়ায় নম্রতা খীসার বাড়ি। মা দীপ্তি খীসা সাপছড়ি উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষিকা এবং বাবা কর্ণরাজ খীসা প্রাণিসম্পদ বিভাগের কর্মচারী।
সম্প্রতি নম্রতার বাড়িতে গেলে দেখা যায়, জেলা ও বিভাগীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় পাওয়া পুরস্কার সাজানো রয়েছে বাড়ির ড্রয়িং রুমে। দুই ভাইবোনের মধ্যে নম্রতা ছোট। তাই সবার আদরেরও সে।
কথায় কথায় নম্রতা জানায়, তার মা দীপ্তি খীসাই তার সবচেয়ে বড় অনুপ্রেরণা। সে বলে, ‘মা আমাকে সব সময় সাধনা আর একাগ্রতার মন্ত্রটি মনে করিয়ে দেন। শিক্ষকতার পাশাপাশি নিজে অনেক কাজ করেও মা আমার নাচের জন্য সময় বের করেন। যেকোনো প্রতিযোগিতায় পাশে থেকে অনুপ্রেরণা জোগান। বাবা কর্ণরাজ খীসা উৎসাহ দিলেও তেমন সময় দিতে পারেন না।’
দীপ্তি খীসা জানান, চার বছর বয়স থেকে নম্রতা নাচ ও গানের তালিম নিতে শুরু করে। এখন গান তেমন হয় না। তবে নাচে তার উৎসাহের কমতি নেই তার। তিনি নিজেও সব সময় মেয়েকে উৎসাহ দিয়ে যাচ্ছেন বলে জানান।
নম্রতা জানায়, সে ছোটবেলাই হুুমায়ূন কবির, সঞ্চনা চাকমা, ফিফা চাকমা ও শোভন দেওয়ানের কাছ থেকে নাচের তালিম নিচ্ছে। এ ছাড়া রাঙামাটি শিল্পকলা একাডেমির নিয়মিত ছাত্রী সে। সাধারণ, কত্থক ও লোকনৃত্য শিখলেও আগ্রহ আছে সব ধরনের নাচের প্রতি। তবে লোকনৃত্য তার বিশেষ পছন্দের। কারণ, পার্বত্য চট্টগ্রামসহ সারা বাংলার গ্রামীণ জীবনের ছন্দ ফুটে ওঠে লোকনৃত্যে।
নম্রতা নৃত্যশিল্পে আরও অনেক দূর যেতে চায়। বাংলাদেশ শিশু একাডেমী আয়োজিত জাতীয় শিশু প্রতিযোগিতার এই পুরস্কার তার মনোবল বাড়িয়ে দিয়েছে। নিয়মিত চর্চা যে সাফল্য এনে দেয়, তার প্রমাণ পেয়েছেও সে।
নম্রতা সাংস্কৃতিক চর্চার পাশাপাশি লেখাপড়ায় ভালো করতে চায়। নৃত্যশিল্পী হওয়ার পাশাপাশি সে চিকিৎসক হওয়ার স্বপ্নও দেখে। শিল্পচর্চা আর মানুষের সেবা করা—দুটোই সমান আগ্রহের বিষয় তার কাছে।