সাফল্যের সময় স্বার্থান্বেষীরা ধ্বংসাত্মক কার্যক্রম ঘটায়: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ বুধবার মিরপুর সেনানিবাসে ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ফোকাস বাংলা
আজ বুধবার মিরপুর সেনানিবাসে ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ফোকাস বাংলা

জাতি যখনই আন্তর্জাতিক অঙ্গন থেকে স্বীকৃতি অর্জন করে তখনই স্বার্থান্বেষী একটি মহল পরিকল্পিত ধ্বংসাত্মক তৎপরতা চালায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, পরিকল্পিত এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে। 

দুই বিদেশি হত্যা এবং অন্যান্য ধ্বংসাত্মক কার্যক্রমের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, যদি জনগণ সজাগ থাকে এবং সরকারকে সহযোগিতা করে তাহলে কোনো ষড়যন্ত্র সফল হবে না।
ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের নবনির্মিত ‘শেখ হাসিনা কমপ্লেক্স’ নামে একাডেমিক ভবন উদ্বোধন এবং সশস্ত্র বাহিনীর শহীদ ও মৃত কর্মকর্তাদের পরিবারের মাঝে আবাসিক ফ্ল্যাটের চাবি বিতরণ উপলক্ষে মিরপুর সেনানিবাসে আয়োজিত এক অনুষ্ঠানে আজ বুধবার প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যখনই জাতি কোনো সাফল্যের জন্য আন্তর্জাতিক অঙ্গন থেকে স্বীকৃতি অর্জন করে তখনই একটি স্বার্থান্বেষী মহল কিছু পরিকল্পিত ধ্বংসাত্মক কার্যক্রম ঘটায়। উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে দেশবাসীর সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার অব্যাহতভাবে সন্ত্রাস, জঙ্গিবাদ ও ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে, আমাদের প্রচেষ্টা ও কর্মঘণ্টার বিশাল অংশ এতে ব্যয় হচ্ছে। তিনি বলেন, ‘যদি এ ধরনের হুমকির বিরুদ্ধে লড়াই করার প্রয়োজন না হতো তাহলে দেশের আরও উন্নয়নে আমাদের প্রচেষ্টা ও শ্রম কাজ লাগাতে পারতাম।’

আজ বুধবার সশস্ত্র বাহিনীর শহীদ ও মৃত কর্মকর্তাদের পরিবারের সদস্যদের মাঝে আবাসিক ফ্ল্যাটের চাবি বিতরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মিরপুর সেনানিবাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছবি ফোকাস বাংলা।
আজ বুধবার সশস্ত্র বাহিনীর শহীদ ও মৃত কর্মকর্তাদের পরিবারের সদস্যদের মাঝে আবাসিক ফ্ল্যাটের চাবি বিতরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মিরপুর সেনানিবাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছবি ফোকাস বাংলা।

সশস্ত্র বাহিনীর উন্নয়নের জন্য তাঁর সরকারের গৃহীত পদক্ষেপের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, প্রথমবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকালে তাঁর সরকার বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তাদের আধুনিক প্রশিক্ষণ প্রদানে একাডেমি ও ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন। প্রতিরক্ষা বাহিনীর আবাসিক সমস্যা সমাধানে ২০১২-১৩ আর্থিক বছরে ৩৬৩ কোটি টাকায় ৯৭টি প্রকল্প নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে নতুন প্রকল্প ও ডিওএইচএস সম্প্রসারণ। জলসিঁড়ি প্রকল্পের আওতায় ৬০৮০টি প্লট কর্মকর্তাদের মাঝে বরাদ্দ দেওয়া হয়েছে।
দেশ গঠনে সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের সশস্ত্র বাহিনীর শ্রেষ্ঠ গুণ হচ্ছে যে তারা যেকোনো দুর্যোগ ও দুর্ঘটনায় দ্রুত সাড়া দেয়, যা বিশ্ব সম্প্রদায়ের প্রশংসা অর্জন করেছে।’
জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশ থেকে নারী কন্টিনজেন্ট পাঠানোর অনুরোধের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সরকার বৈশ্বিক এ আকাঙ্ক্ষায় সম্মতি দিয়েছে। তিনি জাতিসংঘের এ চাহিদা পূরণে বাংলাদেশ সেনাবাহিনীতে নারী কন্টিনজেন্ট গড়ে তোলার আহ্বান জানান। জাতীয় ও আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক সেনাবাহিনী গড়ে তোলা আমাদের লক্ষ্য এ কথা উল্লেখ করে তিনি বলেন, সশস্ত্র বাহিনীর আন্তর্জাতিকমানের প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। কারণ তারা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কাজ করছে।
শেখ হাসিনা বলেন, ২০০৯ সালের ফেব্রুয়ারিতে পিলখানায় শাহাদাত বরণকারী সেনা কর্মকর্তাদের পরিবারের কল্যাণে সম্ভাব্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘স্বজন হারানোর বেদনা আমি ভালোভাবে বুঝি। পিলখানা হত্যাযজ্ঞে জড়িত অপরাধীদের বিচারের কাঠগড়ায় আনা হয়েছে এবং হত্যাযজ্ঞের শিকার পরিবারগুলোর পুনর্বাসনেরও ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি পিলখানায় সেনা, নৌ ও বিমানবাহিনীর শহীদ কর্মকর্তা এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসহ বিভিন্ন দুর্ঘটনায় নিহত কর্মকর্তাদের পরিবারের মাঝে ফ্ল্যাটগুলো হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক বক্তব্য দেন। মন্ত্রিপরিষদের সদস্য, সাংসদ, প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, নৌবাহিনী প্রধান, বিমানবাহিনী প্রধান এবং জ্যেষ্ঠ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।