২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় করা দুই মামলায় আসামিপক্ষে সাফাই সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে।
গতকাল বুধবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এ সাফাই সাক্ষ্য দেন হরকাতুল জিহাদের (হুজি) নেতা মাওলানা সাব্বির আহমেদ ওরফে আবদুল হান্নান।
সাফাই সাক্ষ্যে সাব্বির আহমেদ দাবি করেন, শেখ হাসিনাকে হত্যা এবং আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করার ষড়যন্ত্রের সঙ্গে তিনি জড়িত ছিলেন না। তদন্ত কর্মকর্তা সঠিকভাবে তদন্ত না করেই তাঁকে আসামি করেছেন। তাঁর নাম সাব্বির আহমেদ নয়, তাঁর নাম আবদুল হান্নান।
রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান জেরায় আসামির কাছে জানতে চান, তিনি রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত এবং কোটালিপাড়ায় ৭৬ কেজি বোমা পুঁতে রাখার মামলার অভিযোগপত্রভুক্ত আসামি কি না? জবাবে সাব্বির ‘না’ সূচক জবাব দেন।
এদিকে গতকাল এই মামলার আসামি ১৯ জঙ্গিকে হাতকড়া ও ডাণ্ডাবেড়ি পরিয়ে আদালতে হাজির করার আবেদন করে রাষ্ট্রপক্ষ।
পুলিশের অপরাধ তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনার আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, এই আসামিরা দুর্ধর্ষ প্রকৃতির। তাঁরা যেকোনো সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করতে পারেন। এ নিয়ে পুলিশ প্রশাসন থেকেও নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করা হয়। এ ছাড়া আসামিরা আদালতকক্ষে হাতকড়া ছাড়া থাকায় তাঁদের থেকে অন্যদের থেকে আলাদা করতে সমস্যা হয়। এ কারণে আদালতে আবেদন করা হয়েছে।
২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ ওই গ্রেনেড হামলায় আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদিকা আইভি রহমানসহ ২২ জন নিহত হন। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলের কয়েক শ নেতা-কর্মী আহত হন।
এই মামলার ৫২ জন আসামির মধ্যে বিএনপির নেতা তারেক রহমানসহ ১৮ জন পলাতক রয়েছেন। তিন আসামি জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, হরকাতুল জিহাদের নেতা মুফতি আবদুল হান্নান এবং শরীফ শাহেদুল ওরফে বিপুলের অন্য মামলায় ফাঁসি কার্যকর হওয়ায় তাঁদের এ মামলার আসামি তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এখন কারাগারে আছেন ২৩ জন। অন্যরা জামিনে আছেন।