সাফারি পার্কে আসছে জ্যোতি জুই ও জয়
গাড়িতে চরে ঢাকা থেকে কক্সবাজারের চকরিয়া ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্কে আসছে নতুন অতিথি জ্যোতি, জুঁই ও জয়। এদের রাখার জন্য পার্কে তৈরি করা হয়েছে আলাদা একটি ঘর। সেখানে ছয় মাস রেখে তাদের ছেড়ে দেওয়া হবে উন্মুক্ত বেষ্টনীতে। তখন তাদের গড় বয়স হবে এক বছর। গত ১১ জুন দুপুরে ঢাকার শ্যামলীর একটি বাসা থেকে তিন নামের এই তিনটি বাঘের বাচ্চা উদ্ধার করেছিল র্যাব-২-এর কর্মকর্তারা। সংঘবদ্ধ চক্র সুন্দরবনের সাতক্ষীরা অঞ্চলের কাঁকড়াখালীর ভেতর থেকে বাচ্চাগুলোকে ধরে পাচারের জন্য ঢাকায় নিয়ে আসে। ওই সময় পাচারের অভিযোগে জাকির হোসেন ও তাঁর মা জাহানারা বেগমকে গ্রেপ্তার করা হয়েছিল। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আনোয়ার পাশা আটক দুজনকে দুই বছরের কারাদণ্ড দেন। ১৫ দিন আগে বাঘের বাচ্চাগুলো সুন্দরবন থেকে ধরে আনা হয়েছিল বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, এরপর প্রায় দুই মাস বয়সী বাঘের বাচ্চা তিনটিকে লালন-পালনের জন্য পাঠানো হয় ঢাকা জাতীয় উদ্ভিদ উদ্যানে (বোটানিক্যাল গার্ডেন)। সেখানকার টিস্যু কালচার ল্যাবে বাচ্চাগুলোর দেখভাল করেন বন বিভাগের ভেটেরিনারি সার্জেন ডা. জাহেদ মো. মালেকুর রহমান। মালেকুর রহমান গতকাল প্রথম আলোকে বলেন, সাড়ে তিন মাস ধরে বাচ্চা তিনটিকে থাইল্যান্ড থেকে আনা দুধ খাওয়ানো হয়েছে। কিছুদিন ধরে দুইবেলা দুধের পাশাপাশি একবেলা মুরগির মাংস খেতে দেওয়া হচ্ছে।বাচ্চাদের মধ্যে দুটি মেয়ে ও একটি ছেলে। মাস খানেক আগে বাচ্চা তিনটির নাম রাখা হয়, জ্যোতি, জুঁই ও জয়। আজ (গতকাল শুক্রবার) রাতে বাঘের তিন বাচ্চাকে গাড়িতে করে ঢাকা থেকে পাঠানো হবে কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্কে। কাল শনিবার সকালে বাচ্চা তিনটি পার্কে পৌছাবে বলে আশা করা হচ্ছে।