সাফারি পার্কে ইমুর ঘরে নতুন অতিথি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ইমু পাখির ঘরে নতুন অতিথি। ছবি: সংগৃহীত।
গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ইমু পাখির ঘরে নতুন অতিথি। ছবি: সংগৃহীত।

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে অস্ট্রেলিয়ান পাখি ইমু বাচ্চা দিয়েছে। আজ বুধবার সকালে ইমুর ডিম ফুটে বাচ্চাটি বেরিয়ে আসে।

সাফারি পার্কের বন্য প্রাণী পরিদর্শক আনিছুর রহমান জানান, বুধবার সকালের দিকে ইমুর পাঁচটি ডিমের মধ্যে একটি ডিম ফুটে বাচ্চা বের হয়। পাঁচটির মধ্যে একটি ডিম নষ্ট হয়ে গেছে। শুরুতে বাচ্চাটি দুর্বল থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে এটি সবল হয়ে উঠছে। দেশীয় পরিবেশে ইমুর বাচ্চা বড় করতে হলে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হয়। আরও তিনটি ডিম এখনো ফোটেনি। কয়েক দিনের মধ্যে বাকি ডিমগুলো থেকেও বাচ্চা বের হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরেক বন্য প্রাণী পরিদর্শক সরোয়ার হোসেন খান জানান, ইমু অস্ট্রেলিয়ান পাখি। সাফারি পার্কে বর্তমানে তিনটি ইমু আছে। এগুলো চট্টগ্রামের ডুলাহাজারা সাফারি পার্ক থেকে আনা হয়েছিল। সে সময় একসঙ্গে চারটি পাখি সাফারি পার্কে আনা হলেও একটি মারা যায়। উচ্চতার দিক থেকে এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম পাখি। এরা উড়তে পারে না। এদের দীর্ঘ পা থাকায় এরা দ্রুত দৌড়াতে পারে। পূর্ণবয়স্ক ইমু ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ছুটতে পারে। এরা লম্বা পায়ে প্রতি পদক্ষেপে দুই ফুটের বেশি দূরত্ব অতিক্রম করে। পূর্ণবয়স্ক একটি ইমু দুই মিটারের মতো লম্বা হয়। এদের ওজন হয় ৪৫-৫০ কেজি। ডিমগুলো গাঢ় সবুজ রঙের হয়ে থাকে। একেকটি ডিমের ওজন প্রায় ৭০০ গ্রাম হয়। অস্ট্রেলিয়ায় এ পাখিগুলোর বাস। তবে পৃথিবীর বিভিন্ন দেশে এ পাখির চাষ হচ্ছে। এরা শস্যদানা ও পোকামাকড় খায়। তবে সাফারি পার্কে এদের সাধারণ খাবারের সঙ্গে অন্যান্য খাবারও দেওয়া হয়।

সরোয়ার হোসেন আরও জানান, ইমু বাংলাদেশের পরিবেশে অভ্যস্ত নয়। বাচ্চা ফোটানোর পর সেগুলোকে বাঁচিয়ে রাখাটা খুবই কঠিন। এর আগেও সাফারি পার্কে ইমুর ডিম ফুটেছিল বাঁচেনি। এবার বিশেষ কৌশলে বাঁচিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে।

সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোতালেব হোসেন জানান, ইমু দেশীয় পরিবেশে এই প্রথম বাচ্চা ফুটিয়েছে। এখনো আরও তিনটি ডিম ফোটার সম্ভাবনা আছে। সদ্য জন্ম নেওয়া বাচ্চাটির বিশেষ যত্ন নেওয়া হচ্ছে।