সাফারি পার্কে জেব্রার বাচ্চা প্রসব
গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু সাফারি পার্কে জেব্রার দলে যোগ হলো নতুন সদস্য। গত রোববার দুপুরে পার্কের জেব্রা এভিয়ারিতে মা জেব্রাটি একটি বাচ্চার জন্ম দেয়। নতুন এ সদস্যসহ বর্তমানে পার্কে জেব্রার সংখ্যা ১২।
গতকাল মঙ্গলবার সকালে পার্কের জেব্রা এভিয়ারিতে গিয়ে দেখা যায়, নবজাতকটি মায়ের সঙ্গে বসে আছে। মাঝে মাঝে সেটি উঠে দাঁড়িয়ে স্বল্প দূরত্বে হাঁটার চেষ্টা করছে। কিছুক্ষণ পরপর মা জেব্রা বাচ্চার শরীরে মুখ দিয়ে আদর করছে।
বঙ্গবন্ধু সাফারি পার্কের ওয়াইল্ডলাইফ সুপারভাইজার মো. সারোয়ার হোসেন খান বলেন, মে মাসেই জেব্রা সাধারণত বাচ্চা দিয়ে থাকে। বাচ্চা জন্ম দিলে এটির নিরাপত্তার ব্যাপারে এরা খুবই সচেতন থাকে। তাই দলবদ্ধ জেব্রাদের কাছ থেকে মা তার সন্তানকে নিয়ে নির্জন জায়গায় অবস্থান করে। তিনি জানান, এ জেব্রাগুলো দক্ষিণ আফ্রিকা থেকে আনা হয়েছিল। এদের আয়ুষ্কাল প্রাকৃতিক পরিবেশে ২০ থেকে ২২ বছর। কিন্তু বিশেষভাবে সংরক্ষিত জায়গায় এরা ৪০ বছর পর্যন্ত বাঁচতে পারে। মা জেব্রা গর্ভধারণের ১২-১৩ মাসের মধ্যে বাচ্চা প্রসব করে।