সাফারি পার্কে দুটি জিরাফের মৃত্যু
গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের দুটি জিরাফের মৃত্যু হয়েছে। কর্তৃপক্ষের দাবি, এগুলো হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছে। আজ বুধবার ভোরে একটি ও দুপুরে অন্য জিরাফটির মৃত্যু হয়।
সাফারি পার্কের প্রকল্প পরিচালক ও উপপ্রধান বনসংরক্ষক শামসুল আজম প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, গতকাল মঙ্গলবার বিকেলে একটি স্ত্রী জিরাফ অসুস্থ হয়ে পড়ে। আজ সকালে আরেকটি স্ত্রী জিরাফ অসুস্থ হয়ে পড়ে। চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবস্থা গ্রহণ করেও জিরাফ দুটি বাঁচানো সম্ভব হয়নি। জিরাফ দুটির বয়স সাত বছরের মতো। ২০১৩ সালে দক্ষিণ আফ্রিকা থেকে আনা হয় জিরাফ দুটি।
মৃত্যুর কারণ সম্পর্কে শামসুল আজম বলেন, জিরাফ দুটি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। কারণ উদ্ঘাটনে জিরাফের শরীরের বিভিন্ন অংশের নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনাগুলো পরীক্ষাগারে পাঠানো হয়েছে।
এই সাফারি পার্কে মোট ১০টি জিরাফ ছিল। এ দুটির মৃত্যুর কারণে এখন জিরাফের সংখ্যা আট। সাধারণত জিরাফ ২৫ বছর পর্যন্ত বাঁচে।