সাফারি পার্কে পশুপাখি দেখে উচ্ছ্বসিত দর্শনার্থীরা

গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ঈদের চতুর্থ দিনেও দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি ছিল। ঈদ বিনোদনে বাড়তি মাত্রা জোগাতে দর্শনার্থীরা আসছে এই সাফারি পার্কে।

গতকাল মঙ্গলবার বেলা ১১টায় সাফারি পার্কের প্রধান ফটকে দেখা যায়, টিকিট হাতে মানুষের লম্বা লাইন। পার্কিং লট ভরে গেছে গাড়িতে। সবাই প্রাকৃতিক পরিবেশে বন্য প্রাণী দেখতে ভেতরে ঢোকার চেষ্টা করছে। প্রধান ফটকে টিকিট পরীক্ষার জন্য অতিরিক্ত জনবল নিয়োগ করা হয়েছে। তবু হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে। ঈদ উপলক্ষে পাওয়া কারও কারও ছুটি এখনো শেষ না হওয়ায় দূরদূরান্ত থেকে পরিবার-পরিজন নিয়ে তাঁরা ছুটে আসছেন সাফারি পার্কে।

পার্কের প্রধান ফটকের বাইরে অপেক্ষমাণ এনজিও কর্মকর্তা আসাদুজ্জামান তাঁর পরিবারের পাঁচ সদস্যকে নিয়ে নরসিংদী থেকে সাফারি পার্কে এসেছেন। তিনি বলেন, ‘সকাল সাড়ে ১০টায় এসে টিকিটের লাইনে দাঁড়িয়েছি। অবশেষ ২০ মিনিটের চেষ্টায় টিকিট পেয়েছি। এত দূর থেকে এসে অবশেষে বন্য প্রাণী দেখা যাবে, এ কথা ভেবে আমরা সবাই উচ্ছ্বসিত।’ লালমাটিয়া থেকে বেড়াতে এসেছেন স্কুলশিক্ষক কামরুজ্জামান। তিনি বলেন, ‘পরিবারের ছোট-বড় মিলে ১৪ জন এসেছি। সঙ্গে রয়েছে ছয় বছরের মেয়ে ওধি। চিড়িয়াখানায় খাঁচার প্রাণী দেখার চেয়ে এখানে প্রাকৃতিক পরিবেশে প্রাণী দেখার মজাই আলাদা। সিংহ, বাঘ, হরিণ দেখে সবচেয়ে বেশি মজা পেয়েছি আমরা।’

নারায়ণগঞ্জ থেকে ১৫ জন বন্ধু সাফারি পার্কে ঘুরতে এসেছে। এই প্রথম এত বিশাল পরিসরে প্রাণী দেখার আনন্দ তাদের চোখেমুখে। ক্যাঙারুর বাসস্থানের সামনে তাদের সঙ্গে কথা হয়। এই দলে আছে একাদশ শ্রেণির ছাত্র আজাদ শাহরিয়ার। সে জানায়, তারা ১৫ বন্ধু ঈদের আগেই পরিকল্পনা করেছিল এখানে আসবে। আজ প্রথম এসে ভালো অভিজ্ঞতা হয়েছে তাদের। পরিবারের সঙ্গে বেড়াতে এসেছে ময়মনসিংহের ভালুকা থেকে হৃদী নামে দ্বিতীয় শ্রেণির ছাত্রী। কোন প্রাণী সবচেয়ে বেশি ভালো লাগল—এমন প্রশ্নে সে জিরাফের বড় গলা আর পায়ের প্রশংসা শোনাল।

সাফারি পার্কের বন্য প্রাণী পরিদর্শক আনিসুর রহমান বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় এবার বিপুল দর্শনার্থীর সমাগম হয়েছে। প্রতিদিন দেশের বিভিন্ন জেলা থেকে মানুষ আসছে। এবার পার্কে ৯ডি মুভি থিয়েটারে নতুন প্রযুক্তি যুক্ত করা হয়েছে। শিশুদের জন্য রোলার কোস্টারসহ বিভিন্ন নতুন রাইড সংযোজন করা হয়েছে।
সহকারী বন সংরক্ষক ও বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের তত্ত্বাবধায়ক মো. শাহাবুদ্দিন বলেন, ঈদের প্রথম দিন থেকেই পার্কে দর্শনার্থী-সমাগম অনেক বেশি। প্রাকৃতিক পরিবেশে বন্য প্রাণী দেখার জন্য দর্শনার্থীদের সর্বোচ্চ নিরাপত্তা ও সুবিধা নিশ্চিত করা হয়েছে। নিজস্ব ব্যবস্থাপনায় আটটি বিশেষায়িত মিনিবাসে চড়ে বাঘ, ভালুক, হরিণ, জিরাফ, হাতি, জেব্রা, ঘোড়া, চিতা, সিংহ, বনগরু ও ক্যাঙারু দেখার ব্যবস্থা রয়েছে এখানে। পার্কে বিভিন্ন জলজ প্রাণী দেখতে বড় পরিসরের লেক আছে। এগুলোতে পৃথিবীর বিভিন্ন দেশের মাছ ও জলজ প্রাণীর বাস। দর্শকদের জন্য প্যাডেল বোটে চড়ে পানিতে বিভিন্ন প্রজাতির হাঁস দেখার ব্যবস্থাও আছে। খুব শিগগির আরও কিছু নতুন প্রাণী আনার প্রক্রিয়া চলছে।