সাফিরের অবস্থার কিছুটা উন্নতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আড়াই বছরের শিশু সাফিরের কান্না থামানোর চেষ্টা করছেন তার বাবা-মা। গত রোববার রাতে নারায়ণগঞ্জ শহরে বাসে পেট্রলবোমায় দগ্ধ হয় সে। ওই ঘটনায় তার চিকিৎসক মা-বাবাও আহত হন। গতকাল রাজধানীর মোহাম্মদপুরের সিটি হাসপাতালের বার্ন ইউনিট থেকে তোলা ছবি l জাহিদুল করিম
আড়াই বছরের শিশু সাফিরের কান্না থামানোর চেষ্টা করছেন তার বাবা-মা। গত রোববার রাতে নারায়ণগঞ্জ শহরে বাসে পেট্রলবোমায় দগ্ধ হয় সে। ওই ঘটনায় তার চিকিৎসক মা-বাবাও আহত হন। গতকাল রাজধানীর মোহাম্মদপুরের সিটি হাসপাতালের বার্ন ইউনিট থেকে তোলা ছবি l জাহিদুল করিম

রাজধানীর সিটি হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন আড়াই বছরের শিশু সাফিরের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে আজ বুধবার বিকেলে জানিয়েছেন চিকিৎসক। সাফিরের জন্য তার পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।
বিকেল পৌনে তিনটার দিকে প্রথম আলোকে সাফিরের মামা মশিউর রহমান বলেন, ‘গতকাল রাতে সাফিরের অনেক জ্বর ছিল। রাতে অনেক কান্নাকাটি করেছে। ও শুধু ওর মায়ের কোলে উঠতে চাইছে। আজও জ্বর আছে। কিছুক্ষণ পর ওর ড্রেসিং করা হবে, তখন চিকিৎসক সার্বিক অবস্থা জানাবেন।’
সাফিরের মামা বলেন, ‘আপনারা সবাইকে বলবেন, সবাই যেন আমাদের সাফিরের জন্য অনেক দোয়া করেন।’
রাতে সাফিরের বাবা-মা প্রায় সারাক্ষণ ছিলেন ছেলের কাছে। আজও নিবিড় পরিচর্যা কেন্দ্রে ছেলের পাশে সাফিরের মা আছেন।
সিটি হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের চিফ কনসালট্যান্ট মো. শহিদুল বারী প্রথম আলোকে বলেন, পোড়া রোগীদের শরীরে জ্বর আসে। এ নিয়ে তেমন চিন্তিত হওয়ার কিছু নেই। সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত বলা যায়, সাফির আগের চেয়ে বেশ খানিকটা ভালো।
গত রোববার রাত সাড়ে নয়টার দিকে নারায়ণগঞ্জ শহরে পেট্রলবোমায় দগ্ধ হয়েছে সাফির। তার শরীরের ১৭ শতাংশ পুড়ে গেছে। ছেলের শরীরের আগুন নেভাতে গেলে সাইফুল ইসলামের হাত পুড়েছে ৫ শতাংশ। হাতের হাড়েও চিড় ধরেছে। মা শারমিন সিদ্দিকার কপালে জখম হয়েছে। কপালের খানিকটা ও চোখের কোণ পুড়েছে। একটা হাতও ভেঙেছে। রোববার রাতেই এই পরিবারের তিনজন সিটি হাসপাতালে ভর্তি হন। এখন পুরো পরিবার হাসপাতালে চিকিৎসাধীন।