সাব-রেজিস্ট্রারদের ঘাম ছুটিয়ে দিল গণশুনানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘গুলশান সাব-রেজিস্ট্রি অফিসের আওতাধীন ধামালকোট মৌজায় ৫০ বছর ধরে আমি একখণ্ড জমির মালিক। হঠাৎ খবর পেলাম, গত ১ জুন কে বা কারা আমার জমিটির পাওয়ার অব অ্যাটর্নি দলিল রেজিস্ট্রি করেছে। এই দলিল রেজিস্ট্রির জন্য ট্রেজারি চালানের মাধ্যমে রেজিস্ট্রেশন ফি পরিশোধ করা হয়েছে ১৯ আগস্ট। আমার প্রশ্ন, রেজিস্ট্রেশনের জন্য কোনো বৈধ কাগজপত্রের প্রয়োজন হয় কি না? আর রেজিস্ট্রি অফিসে বাকিতে রেজিস্ট্রেশন হয় কি না?’
দুর্নীতি দমন কমিশন (দুদক) আয়োজিত গণশুনানিতে এ প্রশ্নটি তুলেছিলেন মো. গিয়াসউদ্দিন। প্রবীণ এই মানুষটির প্রশ্নের জবাব দিতে গিয়ে গুলশানের সাব-রেজিস্ট্রার কামাল হোসেন খান বেশ হিমশিম খান। তিনি বললেন, যদি ভুলবশত ফি কম নেওয়া হয়, পরে সেটা সমন্বয় করে নেওয়া হয়। গিয়াসউদ্দিনের পাল্টা প্রশ্ন, ‘একেবারে ফি ছাড়াই ওই দলিল রেজিস্ট্রি হয়েছে। এটা কীভাবে সম্ভব?’ এ সময় ঢাকা জেলা প্রশাসক সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রারকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন। আগামী রোববার ওই অফিসে যেতে ভুক্তভোগী গিয়াসউদ্দিনকে অনুরোধ করেন।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দুদকের উদ্যোগে ওই গণশুনানি অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক তোফাজ্জল হোসেনের সঞ্চালনায় জনগণের মুখোমুখি হন রাজধানীর গুলশান, তেজগাঁও ও কোতোয়ালি জোনের সহকারী কমিশনাররা (ভূমি) এবং তেজগাঁও, গুলশান ও সূত্রাপুরের সাব-রেজিস্ট্রাররা।
জমির দলিল রেজিস্ট্রি করতে গিয়ে হয়রানির শিকার হওয়ার অভিযোগ তুলে ধরলে সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রার আরেক ভুক্তভোগী সাখাওয়াত হোসেন খন্দকারকে দালাল বলে আখ্যা দেন। সাখাওয়াতের অভিযোগ, ১০ থেকে ১২ হাত পানির নিচে থাকা একটি জমি রেজিস্ট্রেশন করতে গেলে গুলশানের সাব-রেজিস্ট্রার সেটা করতে রাজি হননি। পরে ওই অফিসের এক কর্মচারীর মধ্যস্থতায় ২৫ হাজার টাকার বিনিময়ে ওই জমি রেজিস্ট্রি হয়েছে। এ অভিযোগ অস্বীকার করে ওই সাব-রেজিস্ট্রার বলেন, ‘অভিযোগকারী ভূমির মালিক নন, মধ্যস্থতাকারী।’ সরকারি রাজস্ব যাতে ঠিকমতো আদায় হয়, সে কারণে ওই দলিল তিনি রেজিস্ট্রি করেননি। তাঁকে চ্যালেঞ্জ করে অভিযোগকারী বলেন, নাল জমিকে ভিটি হিসেবে রেজিস্ট্রি করার জন্য সাব-রেজিস্ট্রারের চেষ্টা অনৈতিক। সাব-রেজিস্ট্রি অফিসগুলোতে সেবা গ্রহণকারীদের সঙ্গে ভালো ব্যবহার করা হয় না বলেও অভিযোগ করেন তিনি।
এ প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, ‘আমাদের অনেকেরই আচরণগত সমস্যা রয়েছে। এসব বিষয়ে মনোযোগী হওয়া জরুরি।’
আরমািনটোলার মো. রাশেদ কোতোয়ালি ভূমি অফিসে নামজারি করতে গিয়ে ঘুষ দিতে বাধ্য হওয়ার কথা তুলে ধরেন। এ প্রসঙ্গে সংশ্লিষ্ট ভূমি কর্মকর্তা বলেন, অনেক সময় ভুল হতে পারে। রাশেদের পাল্টা প্রশ্ন, ‘সরকারের লোকজন ভুল করলে মাশুল আমরা দেব কেন?’
দুদকের ওই গণশুনানিতে ৩০ জনেরও বেশি সাধারণ মানুষ নিজেদের সমস্যার কথা তুলে ধরেন। দালাল চক্রের দৌরাত্ম্য, কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতির প্রসঙ্গও উঠে আসে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে অভিযোগ করার জন্য শুনানিতে সংশ্লিষ্ট ব্যক্তিরা আহ্বান জানালে একজন ভুক্তভোগী বলেন, ‘আপনাদেরই পাওয়া কঠিন।’
শুনানিতে জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন ভূমিসংক্রান্ত দুর্নীতি দূর করা এবং নাগরিকদের সেবা পাওয়া সহজ করতে নানা উদ্যোগের কথা তুলে ধরেন।
উদ্বোধনী অনুষ্ঠানে দুদকের চেয়ারম্যান বদিউজ্জামান বলেন, গণশুনানি করেই দায়িত্ব শেষ নয়, পরে ভুক্তভোগীদের কী অবস্থা, তা জানতে দুদক থেকে মনিটরিংয়ের ব্যবস্থা করতে হবে।