সাব-রেজিস্ট্রারসহ ৭ জনকে গ্রেপ্তার দুদকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতির আলাদা মামলায় একজন সাব–রেজিস্ট্রার, অবসরপ্রাপ্ত এক সেনাসদস্য, একজন অডিটরসহ সাতজনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগ জানায়, আজ সোমবার ও গতকাল রোববার দেশের বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুমিল্লার লাকসাম উপজেলার সাব–রেজিস্ট্রার আবু তালেব মিয়া, সার্জেন্ট (অব.) মো. রফিক মিয়া ও টাঙ্গাইলের সখীপুর উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. শাহ জামাল, চুয়াডাঙ্গার আহছানুল হক, ফকরুল আলম ও খলিলুর রহমান এবং টাঙ্গাইলের মো. মাহমুদুন্নবী।
দুদক সূত্র জানায়, সোমবার সকালে সাব–রেজিস্ট্রার আবু তালেব মিয়াকে ফরিদপুর থেকে গ্রেপ্তার করে দুদকের একটি দল। ২০১৪ সালের ৬ আগস্ট পালং থানায় করা একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। শরীয়তপুরের পালং উপজেলায় সাব–রেজিস্ট্রার হিসেবে কর্মরত থাকার সময়ে পৌর এলাকার আঙ্গারিয়া উচ্চবিদ্যালয়ের ৩ একর ৭১ শতাংশ জমি শ্রেণি পরিবর্তন করে রেজিস্ট্রি করে দেন আবু তালেব। এ কারণে সরকার ২৭ লাখ ৬৬ হাজার টাকার রাজস্ব হারায়।
সার্জেন্ট (অব.) মো. রফিক মিয়া ও টাঙ্গাইলের সখীপুর উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. শাহ জামালকে রোববার রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে গ্রেপ্তার করেন দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১–এর উপপরিচালক আবু বকর সিদ্দিকের নেতৃত্বাধীন একটি দল। ক্ষমতার অপব্যবহার করে প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নিয়ে ভুয়া টিএ/ডিএ ও বেতন–ভাতার বিল তৈরি করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে মামলা রয়েছে তাঁদের বিরুদ্ধে।
দুদক সূত্র জানায়, গত বছরের ২৪ নভেম্বর রাজধানীর সেনানিবাস থানায় দুদকের করা একটি মামলার (মামলা নম্বর ৯) একমাত্র আসামি সার্জেন্ট (অব.) মো. রফিক মিয়া। ওই মামলায় তাঁর বিরুদ্ধে ৩৬ লাখ ৭১ হাজার ১৮১ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
অডিটর মো. শাহ জামালের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। গত বছরের ২৪ নভেম্বর রাজধানীর সেনানিবাস থানায় দুদকের করা একটি মামলা (মামলা নম্বর ১০) এবং ২০০৮ সালে ২১ সেপ্টেম্বর করা আরেকটি মামলায় (মামলা নম্বর ১৫) মোট ৮৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।
চুয়াডাঙ্গার মো. আহছানুল হক, মো. ফকরুল আলম ও মো. খলিলুর রহমানকে সোমবার কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করা হয়। জাল দলিল তৈরি করে ব্যবহারের অভিযোগে করা একটি মামলায় আসামি তাঁরা। ভুয়া মুক্তিযোদ্ধা সনদ ব্যবহার করে পুলিশে চাকরি নেওয়ার অপরাধে করা মামলায় টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করা হয়েছে মো. মাহমুদুন্নবীকে।
১৪ মার্চ দুদকে নতুন চেয়ারম্যান দায়িত্ব নেওয়ার পর ২৭ মার্চ থেকে গ্রেপ্তার অভিযান শুরু করে সংস্থাটি। এ নিয়ে গত ৩৬ দিনে সারা দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৯১ জনকে গ্রেপ্তার করেছে দুদক।