সাব-রেজিস্ট্রারের অপসারণ দাবিতে কার্যালয় ঘেরাও
নীলফামারীর সৈয়দপুরে সাব-রেজিস্ট্রারের অপসারণের দাবিতে দলিললেখকেরা গত মঙ্গলবার উপজেলা সাব-রেজিস্ট্রারের কার্যালয় ঘেরাও করেন।দলিললেখকদের অভিযোগ, অফিসে নোটিশ সাঁটিয়ে দেওয়া হয়েছে, সাব-রেজিস্ট্রার ছুটিতে আছেন। অথচ প্রতি কার্যদিবসে তিনি ঠিকই হাজিরা খাতায় স্বাক্ষর করছেন।সৈয়দপুর উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক একরামুল হক জানান, সাব-রেজিস্ট্রার রাহেনুর হক সপ্তাহে এক দিন অর্থাৎ প্রতি বৃহস্পতিবার সৈয়দপুরে অফিস করেন। ১৯ জুলাই থেকে তিনি অফিসে আসছেন না। অথচ এই অফিসে মাসে কমপক্ষে ৫০০ দলিল সম্পাদন হয়। সমিতির সভাপতি মোকছেদুল হক জানান, সাব-রেজিস্ট্রার নোটিশ দিয়ে অনুপস্থিতি দেখালেও হাজিরা খাতায় নিয়মিত স্বাক্ষর রয়েছে তাঁর। অফিসের মোহরার মোজামেঞ্চল হকের সঙ্গে যোগসাজশ করে ওই হাজিরা খাতা বাসায় নিয়ে তাতে সই করা হয়। সাব-রেজিস্ট্রার রাহেনুল হকের সঙ্গে মুঠোফোনে কয়েকবার যোগাযোগ করা হলে তিনি সংযোগ কেটে দেন।সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনারকলি মাহবুব বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। তা ছাড়া বুধবার থেকে জাতীয় শোক দিবস ও ঈদের ছুটি চলবে। ছুটির পর বিষয়টি দেখব।’