সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে তালা
নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত না থাকা ও আদালতের কাজে সহযোগিতা না করায় বগুড়ার আদমদীঘি সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার তালা ঝুলিয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সময়মতো কর্মস্থলে উপস্থিত না থাকায় একই দিন উপজেলা নির্বাচন কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, পরিসংখ্যান কর্মকর্তা, আনসার-ভিডিপি কর্মকর্তা ও সেটেলমেন্ট কর্মকর্তার হাজিরা বই জব্দ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল মনজুর এই আদালত পরিচালনা করেন। উপজেলা সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠিয়েছেন।
রাসেল মনজুর জানান, দীর্ঘদিন ধরে উপজেলা সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে খারিজ বা নামজারি ছাড়াই মোটা অঙ্কের টাকার বিনিময়ে ভূমি রেজিস্ট্রেশন হয়ে আসছে। অভিযানের সময় সাব-রেজিস্ট্রারকে পাওয়া যায়নি। তাঁকে ফোন করেও সহযোগিতা মেলেনি।
এর আগে উপজেলা নির্বাচন কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, পরিসংখ্যান কর্মকর্তা, আনসার-ভিডিপি কর্মকর্তা ও সেটেলমেন্ট কর্মকর্তাকে অনুপস্থিত পাওয়া যায়। পরে তাঁদের কার্যালয়ের হাজিরা বই জব্দ করেন আদালত।