গলাচিপায় স্বাক্ষর জাল করে খাসজমির নিবন্ধন
সাব-রেজিস্ট্রারের কার্যালয় জড়িত বলছে উপজেলা প্রশাসন
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় স্বাক্ষর জাল করে ভুয়া কাগজপত্র তৈরির মাধ্যমে খাসজমির নিবন্ধন নেওয়ার ঘটনায় স্থানীয় ভূমি কার্যালয় ও সাব-রেজিস্ট্রারের কার্যালয়ের অসাধু কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশ রয়েছে বলে নিশ্চিত হয়েছে উপজেলা প্রশাসন।সম্প্রতি গলাচিপা উপজেলা ভূমি কার্যালয় ও উপজেলা সাব-রেজিস্ট্রারের কার্যালয়ের নথিপত্র পর্যালোচনা করে জানা গেছে, গত সেপ্টেম্বর মাসে একটি চক্র জালিয়াতির মাধ্যমে গলাচিপার বড়বাইশদিয়া ইউনিয়নের চরগঙ্গা মৌজার ৯০ একর খাসজমির ৩৬টি বন্দোবস্ত মামলার ‘কবুলিয়ত দলিল’ নিবন্ধন করিয়ে নিয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনারসহ (ভূমি) স্থানীয় ভূমি কার্যালয়ের কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে ভুয়া কাগজপত্র দিয়ে সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে এই নিবন্ধন করা হয়। ওই সব বন্দোবস্ত মামলার বৈধ কোনো কাগজপত্র উপজেলা ভূমি কার্যালয়ে নেই। এ ঘটনায় গত ৭ জানুয়ারি প্রথম আলোয় ‘স্বাক্ষর জাল করে খাসজমির নিবন্ধন নেওয়ার অভিযোগ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।এ ঘটনার তদন্ত সম্পর্কে জানতে চাইলে গলাচিপার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সুপারিনটেনডেন্ট (ওএস) মো. শাহনূর হোসেন বলেন, ‘তদন্তের কাজে সাব-রেজিস্ট্রারের কার্যালয় আশানুরূপ সহযোগিতা করছে না। উপজেলা ভূমি কার্যালয়ের একই তারিখ এবং স্মারকের একাধিক চিঠির বরাতে যাচাই-বাছাই ছাড়াই সাব-রেজিস্ট্রারের কার্যালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ দপ্তর ৩৬টি ভুয়া বন্দোবস্ত মামলার কবুলিয়ত দলিলের নিবন্ধন সম্পন্ন করে ফেলবে তা গ্রহণযোগ্য নয়। তদন্তে পাওয়া বিভিন্ন তথ্য-প্রমাণে আমরা নিশ্চিত হয়েছি যে জালিয়াতির ঘটনায় সাব-রেজিস্ট্রারের কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা জড়িত।’গলাচিপার ইউএনও লস্কর তাজুল ইসলাম বলেন, ‘তদন্তে আমরা নিশ্চিত হয়েছি, সাব-রেজিস্ট্রারের কার্যালয়ের কেউ জালিয়াতির সঙ্গে জড়িত। উপজেলা ভূমি কার্যালয়ের এবং বাইরের কেউ এর সঙ্গে জড়িত আছে কি না, তদন্ত করা হচ্ছে। শিগগিরই আমরা এ ব্যাপরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব। কর্তৃপক্ষের অনুমতি পেলে জালিয়াতির মাধ্যমে করা ওই ৩৬টি বন্দোবস্তের নিবন্ধন বাতিল করার ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলা করা হবে।’ তবে সাব-রেজিস্ট্রারের কার্যালয় উপজেলা প্রশাসনের অভিযোগ প্রত্যাখ্যান করেছে। সাব-রেজিস্ট্রার মো. আবদুল বারিক বলেন, ‘আমরা পরিষ্কারভাবেই বলছি, ওই বন্দোবস্ত কেসগুলোর কবুলিয়ত নিবন্ধনের সময় ভূমি কার্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। জালিয়াতির ঘটনা ভূমি কার্যালয়ে ঘটতে পারে। আমাদের দপ্তরে জালিয়াতির ঘটনা ঘটার কোনো সুযোগ নেই।’ ইউএনওর কার্যালয়ের সূত্র জানায়, ঘটনার তদন্তে গলাচিপার ইউএনও গত ৪ জানুয়ারি ওই ৩৬টি কবুলিয়ত ফরমের ফটোকপিসহ প্রয়োজনীয় তথ্য চেয়ে গলাচিপা সাব-রেজিস্ট্রারের কাছে দ্বিতীয় দফায় চিঠি দেন। ওই চিঠির জবাবে গত ১৩ জানুয়ারি সাব-রেজিস্ট্রারের স্বাক্ষরিত চিঠিতে শুধু যাঁদের নামে নিবন্ধনগুলো হয়েছে, তাঁদের সংক্ষিপ্ত পরিচয় উল্লেখ করা হয়।ভূমি কার্যালয়ের যেসব প্রতিনিধি ওই ৩৬টি কবুলিয়ত দলিল নিবন্ধনের সময় উপস্থিত ছিলেন, সাব-রেজিস্ট্রারের কার্যালয় থেকে উপজেলা প্রশাসনকে দেওয়া ব্যাখ্যায় তাঁদের নাম উল্লেখ করা হয়নি কেন তা জানতে চাইলে সাব-রেজিস্ট্রার মো. আবদুল বারিক বলেন, ‘যেসব তথ্য আমাদের কাছে চাওয়া হয়েছে, আমরা তা যথাযথভাবে দিয়েছি। তাঁরা কবুলিয়ত ফরমগুলোর ফটোকপি চেয়েছিলেন। নিবন্ধনের পর ফটোকপি দেওয়া বিধিসম্মত নয়। তাই আমরা সেগুলো দেইনি। ভূমি কার্যালয়ের প্রতিনিধিদের ব্যাপারে কোনো তথ্য চাওয়া হয়নি। তবে ওই নিবন্ধনগুলো সম্পন্ন করার সময় ভূমি কার্যালয়ের প্রতিনিধি হিসেবে কে উপস্থিত ছিলেন তা আমাদের অভ্যন্তরীণ তদন্তে শনাক্ত করা হয়েছে।’সাব-রেজিস্ট্রারের কার্যালয় এবং উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জালিয়াতির মাধ্যমে যে ৩৬টি খাসজমির কবুলিয়ত দলিল নিবন্ধন করা হয়েছে, তার মধ্যে ২২টি কবুলিয়ত দলিল উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের চরহালিম মৌজার, ১০টি চরগঙ্গা মৌজার, তিনটি চরকাজল ইউনিয়নের নয়ারচর, একটি বড়শিবা মৌজাধীন। ওই সব দলিলে বন্দোবস্ত গ্রহণকারীর ঠিকানা সংশ্লিষ্ট এলাকায় দেখানো হলেও অনুসন্ধানে শুধু চরগঙ্গার হানিফ আকন এবং তাঁর ছেলে রিফাত আকনকে বন্দোবস্ত গ্রহণকারী হিসেবে শনাক্ত করা গেছে। অন্য দলিলগুলো যাঁদের নামে নিবন্ধিত, তাঁদের সন্ধান পাওয়া যায়নি। এ ব্যাপারে হানিফ আকন জানান, তিনি দালালের মাধ্যমে ছেলে রিফাত আকন ও নিজের নামে দুটি কবুলিয়ত দলিল রেজিস্ট্রি করিয়েছেন। প্রতিটি দলিল বাবদ তিনি দালালকে ৩০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা দিয়েছেন। তাঁর কাছে দালালের পরিচয় জানতে চাইলে তিনি দালালের নাম-পরিচয় বলতে রাজি হননি।চরগঙ্গার বাসিন্দা বড়বাইশদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সোনা মিয়া জানান, ওই দুই ব্যক্তি ছাড়া আর কেউই চরগঙ্গার বাসিন্দা নন।