পটুয়াখালীর গলাচিপা উপজেলা ভূমি কার্যালয়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের স্বাক্ষর জাল করে ভুয়া কাগজপত্র তৈরির মাধ্যমে খাসজমির কবুলিয়ত দলিল নিবন্ধন করানোর ঘটনায় গলাচিপা সাব-রেজিস্ট্রারের কার্যালয়ের প্রধান সহকারী মো. হাতেম আলীকে অভিযুক্ত করে প্রতিবেদন দেওয়া হয়েছে। ১৫ জুন গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লস্কার তাজুল ইসলাম পটুয়াখালী জেলা প্রশাসকের কাছে ওই তদন্ত প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে বলা হয়, গত বছরের ১৬ সেপ্টেম্বর গলাচিপা উপজেলা ভূমি কার্যালয় থেকে গলাচিপা সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে দেওয়া ১২৮১ নম্বর স্মারকের একটি চিঠিতে ১৯টি বন্দোবস্ত মামলার এবং একই তারিখের ১২৮২ নম্বর স্মারকে অপর একটি চিঠিতে ১৭টি বন্দোবস্ত মামলার কবুলিয়ত দলিল নিবন্ধনের জন্য পাঠানো হয়েছে বলে সাব-রেজিস্ট্রারের কার্যালয় থেকে দাবি করা হয়। যদিও তা উপজেলা ভূমি কার্যালয় থেকে দেওয়া হয়নি। সাব-রেজিস্ট্রারের কার্যালয় থেকে পাওয়া ওই দুটি চিঠির ছায়ালিপি যাচাই করে তাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও সংশ্লিষ্ট ব্যক্তিদের স্বাক্ষর জালও ভুয়া প্রমাণিত হয়েছে। যেসব ব্যক্তির নামে দলিলগুলো নিবন্ধন করা হয়েছে, বর্ণিত ঠিকানায় ওই সব ব্যক্তির কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। ওই বন্দোবস্ত মামলাগুলোর মধ্যে সাব-রেজিস্ট্রারের কার্যালয়ের প্রধান সহকারী মো. হাতেম আলীর নিজের নামে একটি এবং তাঁর ছেলে মো. কবির হোসেনের নামে একটি কবুলিয়ত দলিল নিবন্ধন করানো হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম বলেন, ‘জালিয়াতির ঘটনার সঙ্গে সাব-রেজিস্ট্রারের কার্যালয়ের প্রধান সহকারী মো. হাতেম আলী জড়িত রয়েছেন বলে তদন্তে প্রমাণিত হয়েছে।’ মো. হাতেম আলী বলেন, ‘আমি কোনো জালিয়াতির সঙ্গে জড়িত নই।’