সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে দুদকের মামলা
প্রায় সোয়া কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের সাবেক সাব-রেজিস্ট্রার শেখ হাসান আলীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার দুদকের উপপরিচালক মো. হেলাল উদ্দিন শরীফ রমনা থানায় মামলাটি করেন।
দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
মামলার এজাহার থেকে জানা যায়, অনুসন্ধানে শেখ হাসান আলীর ১ কোটি ২৪ লাখ ১১ হাজার ৬৩০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের খোঁজ পেয়েছে দুদক। এর মধ্যে ৬৮ লাখ ৫৫ হাজার ৬৩৯ টাকার সম্পদের বিষয়ে তিনি দুদককে মিথ্যা তথ্য দিয়েছেন। এর বাইরে দুদকের অনুসন্ধানে আরও ৫৫ লাখ ৫৫ হাজার ৯৯১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ পাওয়া গেছে।
দুদকে দেওয়া সম্পদ বিবরণীতে হাসান আলী যে হিসাব দিয়েছেন তার মোট মূল্য দেখিয়েছেন ৭ লাখ ৯০ হাজার টাকা। এসব সম্পদের মধ্যে আছে মিরপুরের ৪৮৭ দক্ষিণ পাইকপাড়ায় ৫ শতাংশ জমির ওপর ৫ তলা ভবন, ৫৮/১ চামেলীবাগে ছেলের নামে ৫ শতাংশ জমি, যেখানে টিনশেড বাড়ি, খুলনায় সরকারি প্লট, বাড়ির আসবাব ও স্বর্ণালংকার। এসব সম্পদের প্রকৃত মূল্য গোপন করে দুদককে মিথ্যা তথ্য দেওয়ার কথা অনুসন্ধান কর্মকর্তা তাঁর প্রতিবেদনে তুলে ধরেন।
২০১৩ সালে হাসান আলীর বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুদক।