বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের নিজস্ব সাব-পাওয়ার স্টেশন ও নিয়ন্ত্রণকক্ষ (কন্ট্রোল রুম) না থাকায় কেন্দ্রের প্রায় ২৩ হাজার গ্রাহককে ভোগান্তির শিকার হতে হচ্ছে।সান্তাহার বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে শুধু দাপ্তরিক কাজ হয়ে থাকে। বিদ্যুৎ সরবরাহ ও নিয়ন্ত্রণকাজ হয় পার্শ্ববর্তী নওগাঁ বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের পাওয়ার স্টেশন থেকে।সান্তাহার এলাকার গ্রাহকেরা অভিযোগ করেন, সান্তাহার কেন্দ্রের বিদ্যুৎ সরবরাহ ও নিয়ন্ত্রণের ক্ষমতা নওগাঁ কন্ট্রোল রুমের এখতিয়ারে রয়েছে। নওগাঁ এলাকার বিদ্যুতের চাহিদা আগে পূরণের পর ওই নিয়ন্ত্রণকক্ষ থেকে সান্তাহার কেন্দ্রের গ্রাহকদের বিদ্যুৎ বিতরণ করা হয়। ফলে বিদ্যুৎ সরবরাহে সান্তাহার কেন্দ্রের আওতাধীন গ্রাহকেরা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হচ্ছেন। এ ব্যাপারে যোগাযোগ করা হলে নওগাঁ বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী ফেরদৌস আলম বিদ্যুৎ বিতরণে বৈষম্যের অভিযোগ অস্বীকার করেন। সান্তাহার বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র সূত্রে জানা গেছে, বিগত সরকারের আমলে সান্তাহার বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র এলাকায় ১৬ শহর প্রকল্পের মাধ্যমে বিভিন্ন উন্নয়নকাজ করা হয়। এই প্রকল্পের আওতায় সান্তাহার বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের নিজস্ব ভবন নির্মাণ এবং সাব-স্টেশন নির্মাণ করার কাজও অন্তর্ভুক্ত ছিল। কিন্তু নিজস্ব ভবন নির্মাণ করা হলেও সাব-স্টেশন নির্মাণ না করেই তড়িঘড়ি করে প্রকল্পটি গুটিয়ে নেওয়া হয়।এরপর ২০১০ সালের শেষের দিকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তৎকালীন চেয়ারম্যান বগুড়া সফরের সময় সান্তাহারে সাব-স্টেশন করার ব্যাপারে জোরালো দাবি ওঠে। সে সময় তিনি সান্তাহার বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র কর্তৃপক্ষকে প্রস্তাব পাঠাতে নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে প্রায় ছয় মাস আগে সান্তাহারে সাব-স্টেশন করার প্রস্তাব প্রধান কার্যালয়ে পাঠানো হলেও কোনো কাজ করা হয়নি। বিদ্যুৎ বিভাগের একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ১৫ হাজার গ্রাহক হলে সাব-স্টেশন নির্মাণ করা জরুরি। কিন্তু সান্তাহারে ২৩ হাজার গ্রাহক হলেও সাব-স্টেশন না থাকাটা আশ্চর্যজনক। সান্তাহার বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের বর্তমান আবাসিক প্রকৌশলী জিল্লুর রহমান বলেন, বর্তমানে সান্তাহারে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরি হওয়ার কারণে এখানে সাব-স্টেশন নির্মাণ করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। এ ব্যাপারে প্রস্তাব পাঠানো হলেও কোনো কাজ হয়নি। এখানে কন্ট্রোল রুম থাকলে চাহিদা নির্ধারণ করে তাঁরা গ্রাহকদের প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ করতে পারবেন। সান্তাহার নাগরিক কমিটির সভাপতি অধ্যক্ষ মোসলেম উদ্দীন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর ঘোষণায় বলেছেন, যেসব স্থানে বিদ্যুৎকেন্দ্র নির্মিত হবে সে এলাকার জন্য অতিরিক্ত বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করা হবে। যেহেতু সান্তাহারে ৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রটির নির্মাণকাজ সম্পন্ন হয়েছে, সেহেতু এখানে একটি সাব-স্টেশন অবশ্যই হওয়া প্রয়োজন।