কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে গতকাল রোববার বেলা সাড়ে তিনটার দিকে স্ত্রী রিনা পারভীনকে (২২) নিয়ে গোসল করতে নামেন ঢাকার সাভার থেকে আসা পর্যটক মোহাম্মদ সোলায়মান (৩২)। কোমর পানিতে নেমে উল্লাসে মেতে উঠেছিলেন তাঁরা। হঠাৎ সোলায়মান দেখতে পান, বিশাল ঢেউ রিনাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। রিনা হাত তুলে তাঁকে বাঁচানোর আকুতি জানাচ্ছেন। মুহূর্তে ছুটে আসেন উদ্ধার তৎপরতায় নিয়োজিত বেসরকারি সংস্থা ইয়াছির লাইফ গার্ড স্টেশনের পাঁচজন সদস্য। প্রায় ১০ মিনিট তল্লাশি চালিয়ে সাগরের তলদেশ থেকে তাঁরা মুমূর্ষু অবস্থায় তুলে আনেন রিনাকে। পরে তাঁরা রিনাকে বালুচরে ফেলে পেটের পানি বের করে তাঁকে সুস্থ করে তোলেন। আধা ঘণ্টার ব্যবধানে একই স্থানে আবার ঘটে একই দুর্ঘটনা। সেখান থেকে ডুবুরিরা উদ্ধার করেন ঢাকার মিরপুর থেকে আসা পর্যটক মোহাম্মদ জয় (১৯) ও মোহাম্মদ হোসেনকে (১৯)। ইয়াছির লাইফ গার্ড স্টেশনের পরিচালক মোস্তফা কামাল এর সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে জানান, কলাতলী থেকে ডায়াবেটিক হাসপাতাল পয়েন্ট পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার সৈকতে বর্তমানে ছয়টি গুপ্তখাল সৃষ্টি হয়েছে। এ কারণে সৈকতে গোসল করা মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। গত শনিবার গুপ্তখালে পড়ে তলিয়ে যাওয়া ১১ জনকে উদ্ধার করা হয়। এর মধ্যে তরুণী চারজন। এর আগের দিন শুক্রবার বিকেলে গুপ্তখালে পড়ে মারা যায় চট্টগ্রামের খুলশী এলাকার স্কুলছাত্র মো. মুসা। গত ২৯ জুলাই সন্ধ্যায় সৈকতের কলাতলী পয়েন্টে গুপ্তখালে পড়ে মারা যান ক্লোজআপ ওয়ান খ্যাত শিল্পী আবিদ শাহরিয়ার (২৬) এবং মোস্তাকিন মাহবুব (২৭) ও কাজি আশিক মোস্তফা (২৭) নামের বিজ্ঞাপন সংস্থা মাত্রার দুই কর্মকর্তা। পুলিশ ও ইয়াছির লাইফ গার্ড স্টেশনের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১০ বছরে সমুদ্রসৈকতে গোসল করতে নেমে ৮৫ জন পর্যটকের মৃত্যু হয়েছে। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রাণে বাঁচানো হয় ৮৪৩ জনকে। এর মধ্যে নারীর সংখ্যা দুই শতাধিক।গতকাল রোববার বিকেলে সৈকতে গিয়ে দেখা গেছে, পাঁচ কিলোমিটার সৈকতের বিভিন্ন স্থানে লাল পতাকা উড়ছে। ডুবুরি ও পুলিশের সদস্যরা হাতমাইকে পর্যটকদের সতর্ক করছেন। ‘লাল পতাকার পাশে গুপ্তখাল, দয়া করে কেউ সাগরে নামবেন না’—মাইকে এই ঘোষণা দেওয়ার পরও অনেকে সাগরে ঝাঁপ দিচ্ছেন। হুইসেল বাজিয়ে পুলিশ লোকজনকে সাগর থেকে তুলে আনার চেষ্টা করছে। সহকারী পুলিশ সুপার (সদর মডেল থানা) তোফায়েল আহমদ জানান, সমুদ্রের যেসব জায়গায় গুপ্তখালের সৃষ্টি হয়েছে, সেসব জায়গায় লাল পতাকা টানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু তার পরও লোকজন এসব ঝুঁকিপূর্ণ স্থানে ঝাঁপ দিচ্ছেন। পর্যটক হওয়ায় তাঁদের সঙ্গে পুলিশের সদস্যরা খারাপ আচরণও করতে পারছেন না। নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে নামার কারণ জানতে চাইলে ঢাকার লালবাগ থেকে আসা কলেজছাত্র সৈকত (২০) বলেন, ‘সাগরে গোসল করব বলে ঢাকা থেকে ছুটে এসেছি। তা ছাড়া আমাদের সাঁতারও জানা আছে। তাই নেমে পড়েছি। কিন্তু গুপ্তখালে আটকা পড়ে কয়েকজন নিখোঁজ হওয়ার খবর শুনে তাড়াহুড়ো করে উঠে এসেছি। এখন বুঝতে পেরেছি নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে নামা ঠিক হয়নি।’সৈকতের কলাতলী, সুগন্ধা, সি-গাল, লাবণী, শৈবাল ও ডায়াবেটিক হাসপাতাল পয়েন্টে গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত বহু পর্যটককে ঝুঁকি নিয়ে গোসল করতে দেখা গেছে।সৈকতে ভ্রমণে আসা পর্যটকের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ট্যুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদ করিম চৌধুরী ও ইয়াছির লাইফ গার্ড স্টেশনের ডুবুরি মোস্তফা কামাল জানান, বর্তমানে সৈকতের কলাতলী, সুগন্ধা, সি-গাল, লাবণী ও ডায়াবেটিক পয়েন্টে উত্তর-দক্ষিণে আড়াআড়িভাবে প্রায় ৫০০ ফুট লম্বা ছয়টি গুপ্তখাল এবং আট-নয়টি পুকুর আকৃতির গর্তের সৃষ্টি হয়েছে। গোসলের মুহূর্তে পা পিছলে পর্যটকেরা এসব খাল বা গর্তের পড়ে নিখোঁজ হচ্ছেন। সাঁতার জানা লোকজন কোনোমতে তলদেশ থেকে উঠে আসতে সক্ষম হলেও অন্যরা আটকা পড়েন। তখন উদ্ধার তৎপরতা চালানোও কঠিন হয়ে পড়ে। কক্সবাজার ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের (টুয়াক) সহসভাপতি তোফায়েল আহমদ জানান, গত বছর ঈদ-পরবর্তী ১০ দিনে প্রায় ১৫ লাখ পর্যটক সৈকত ভ্রমণে আসেন। কিন্তু এবার ঈদ-পরবর্তী চারদিনে ভ্রমণে আসেন মাত্র ৫০ হাজার পর্যটক। এর অন্যতম কারণ সমুদ্রে নিরাপদ গোসলের ব্যবস্থা না থাকা। পর্যটকেরা হাজার হাজার টাকা খরচ করে এখানে ভ্রমণে আসেন সাগরে গোসল করার জন্য। কিন্তু তাঁদের গোসলে নেমে বিপদে পড়তে হচ্ছে। একই কথা জানান, কক্সবাজার হোটেল মোটেল গেস্টহাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম সিকদার। তিনি জানান, কিছু প্রভাবশালী ব্যক্তি সৈকতের বিভিন্ন স্থান থেকে মেশিনের মাধ্যমে বালু তুলে হোটেলের সামনে প্রতিরক্ষা বাঁধ, হাঁটাচলার রাস্তা ও হোটেল নির্মাণের জমি ভরাট করছেন। এ কারণে সমুদ্রের বিভিন্ন স্থানে গুপ্তখালের সৃষ্টি হয়েছে। কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সভাপতি দীপক শর্মা জানান, সমুদ্রের তলদেশ থেকে বালু তুলে জমি ভরাট ও রাস্তা তৈরির দায়ে পাঁচটি হোটেলের মালিকের বিরুদ্ধে তাঁরা মামলা করেন। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা সরেজমিনে এসে এর সত্যতাও পান। কিন্তু এ পর্যন্ত প্রভাবশালীদের কিছুই হয়নি। পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সাইফুল আশ্রাব জানান, সমুদ্র থেকে বালু তুলে যাঁরা ব্যবহার করেছেন, তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। জেলা প্রশাসক মো. জয়নুল বারী জানান, ‘সৈকতে গোসল করতে নেমে কেউ মারা যাক, সেটা আমরাও চাই না। পর্যটকের নিরাপদ গোসল ও সেবার মান নিশ্চিত করতে এখন উদ্ধারকর্মীর সংখ্যা বাড়ানো হয়েছে।’ পুলিশ সুপার সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর জানান, নিরাপত্তার পাশাপাশি পুলিশ বিভাগ পর্যটকদের সতর্ক করতে এ পর্যন্ত ২০ হাজার প্রচারপত্র বিলি করেছে। সকাল থেকে রাত পর্যন্ত পুলিশের সদস্যরা সৈকতে মাইকের মাধ্যমে সতর্কতামূলক বিধিনিষেধ ঘোষণা দিচ্ছেন।