সাবধান! সে কামড়ায়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার্লস ডিকেন্সের উপন্যাস ‘ডেভিড কপারফিল্ড’ এর কেন্দ্রীয় চরিত্র ডেভিড। সৎ বাবা মার্ডস্টোনের হাতে কামড় বসিয়ে দিয়েছিল ডেভিড। এরপর তার পিঠে একটি কাগজের নোটিশ টাঙিয়ে দেন মার্ডস্টোন। তাতে লেখা ছিল ‘সাবধান! সে কামড়ায়!’

উপন্যাসের ডেভিডের চেয়ে মারাত্মক ঘটনা ঘটিয়েছেন টাঙ্গাইলের সখীপুরে হারুন মিয়া (২২)। তিনি একজন দুজন নয়, পর পর পাঁচজনকে কামড়ে রক্তাক্ত করেছেন। গতকাল রোববার রাত আড়াইটার দিকে পাঁচজনকে কামড়ানোর পর পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে। আজ সোমবার আদালতে তোলার পর আদালত তাঁকে কারাগারে পাঠিয়েছেন।

পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গড়গোবিন্দপুর এলাকায় এ ঘটনা ঘটে। হারুণের বাড়ি উপজেলার কাহারতা গ্রামে।

কামড়ে আহত ব্যক্তিরা হলেন শাহ আলম (২৫), শাহজাহান (২৮), শহীদুল ইসলাম (৩০), আজগর আলী (৪৫) জালাল উদ্দিন (৩৫)। এরা সবাই নির্মাণ শ্রমিক। তাঁদের সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎnfসা দেওয়া হয়েছে।

সখীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রফিকুল ইসলাম বলেন, গভীর রাতে হারুন অতিমাত্রায় মদ পান করে শ্বশুর বাড়িতে যান। সেখানে গিয়ে তিনি স্ত্রীকে ঘুম থেকে জাগিয়ে মারধর শুরু করেন। স্ত্রীর চিৎকারে রাস্তার নির্মাণ শ্রমিকেরা ঘুম থেকে জেগে হারুনকে ধরতে গেলে তিনি তাঁদের কামড়িয়ে আহত করেন। পরে বাড়ির লোকজন জামাইকে ধরে পুলিশে খবর দেয়।

হারুনের শ্বশুর বাবুল মিয়া বলেন, ‘ছেলে নেশা করে জানলে আমি মেয়ে বিয়ে দিতাম না।’

সখীপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবু হানিফ প্রথম আলোকে বলেন, ‘আমি নিজেই বাদী হয়ে মাদকের মামলা করেছি।’