সাবধান, হাত বাড়ালেই মাদক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদক পরামর্শ সহায়তা দিচ্ছেন (বাঁ থেকে) মোহিত কামাল, সারা যাকের, আসাদুজ্জামান নূর, আইনুন নিশাত, তাজিন আহমেদ, মোহাম্মদ ইকবাল, আহমেদ হেলাল
মাদক পরামর্শ সহায়তা দিচ্ছেন (বাঁ থেকে) মোহিত কামাল, সারা যাকের, আসাদুজ্জামান নূর, আইনুন নিশাত, তাজিন আহমেদ, মোহাম্মদ ইকবাল, আহমেদ হেলাল

প্রথম আলো ট্রাস্ট মাদকবিরোধী আন্দোলনের উদ্যোগে গত ২৬ আগস্ট বিকেল চারটায় ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে ‘মাদক থেকে কীভাবে বাঁচব’ শিরোনামে অনুষ্ঠিত হয় নাগরিক সংলাপ। এ আয়োজনে নাগরিক সমাজের বিশিষ্ট ব্যক্তি, মনোরোগ বিশেষজ্ঞ এবং মাদকাসক্ত ব্যক্তি ও তাঁদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সংলাপে আলোচিত বিষয়গুলো তুলে ধরা হলো:

আবদুল কাইয়ুম: সম্প্রতি পুলিশ কর্মকর্তা ও তাঁর স্ত্রী, তাঁদের সন্তানের হাতে নির্মমভাবে খুন হয়েছেন। এ ঘটনায় অভিভাবকেরা উদ্বিগ্ন। প্রায় সর্বত্র এ হত্যার বিষয়টি আলোচনা হচ্ছে। সমাজে মাদকের ভয়াবহ বিস্তার ঘটেছে। তরুণদের একটি অংশ মাদকাসক্ত। এ ক্ষেত্রে প্রশাসনকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। যে করেই হোক তরুণ প্রজন্মকে মাদক থেকে রক্ষা করতে হবে। এখন এ বিষয়ে আলোচনা করবেন মোহিত কামাল।

মোহিত কামাল: প্রায় সর্বত্র মাদকের বিস্তার। যে কেউ খুব সহজে বিনা বাধায় মাদক কিনতে পারছে। অসংখ্য তরুণ-তরুণীর জীবন ধ্বংস হচ্ছে। মাদকাসক্ত পরিবারগুলোর সুখ-শান্তি হারিয়ে যাচ্ছে। সম্প্রতি ঐশীর বাবা-মায়ের নৃশংসভাবে খুন হওয়ার ঘটনাটি সমাজকে ভীষণভাবে নাড়া দিয়েছে। এখানে বুঝতে হবে, কোনো সন্তান তার মা-বাবাকে খুন করতে পারে না। ঐশী মাদকের ওপর সম্পূর্ণ নির্ভরশীল ছিল। তার নিজের কোনো আত্মনিয়ন্ত্রণ ছিল না। সে একটি মাদকের বোমায় পরিণত হয়েছিল। মাদক ছাড়া পৃথিবীর সবকিছুই তার কাছে অর্থহীন। তাই যে করেই হোক, সমাজ থেকে সব ধরনের মাদককে দূর করতে হবে।

তাজিন আহমেদ: ঐশীর আরেক নাম হওয়া উচিত ঘুম-জাগানিয়া পাখি। ঐশীর ঘটনায় আমাদের ঘুম ভেঙেছে। এখন আর বসে থাকার সময় নেই। কেবল ইংরেজি মাধ্যম নয়, বাংলা মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠানেও মাদকের বিস্তার ঘটেছে। অধিকাংশ অভিভাবক মনে করেন, তাঁদের সন্তানদের সব দায়িত্ব শিক্ষাপ্রতিষ্ঠানের। কিন্তু সন্তানের জীবনে মা-বাবার ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। মা-বাবার সঙ্গে সন্তানদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হলে তারা মাদকসহ বিভিন্ন খারাপ কাজ থেকে মুক্ত থাকবে। আমাদের প্রতিষ্ঠানে পরামর্শক আছে। তারা শিক্ষার্থীদের ভালো-মন্দ সব বিষয়ে খোঁজখবর রাখেন।

মাদকাসক্ত পরিবারের সদস্য: ১২ বছর ধরে আমার সন্তান মাদকাসক্ত। ঈদের দিন সে তার স্ত্রী ও তার মাকে প্রায় মেরেই ফেলে। বাধ্য হয়েই ঈদের পরের দিন তাকে জেলখানায় রেখেছি। আমার প্রশ্ন, কেন যেখানে-সেখানে অবাধে মাদক পাওয়া যায়? হাত বাড়ালেই কেন আমাদের সন্তানেরা মাদক পাচ্ছে? এ ক্ষেত্রে প্রশাসন কী করছে?

মোহাম্মদ ইকবাল: মাদক হাতের কাছে পাওয়া যায়। কারণ, এর চাহিদা বেশি। এতে লাভও বেশি। আমি একটি অনুরোধ করতে চাই। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ডোপ টেস্টের ব্যবস্থা করা উচিত। তাহলে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা আসবে। ডোপ টেস্টে কেউ পজিটিভ হলে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। কোনো একটা অভিযানে কাউকে গ্রেপ্তার করার পর আবার সেখানে মাদক বিক্রি হয়। মাদক ব্যবসায়ীর সংখ্যা এত বেড়ে গেছে যে কেউ না কেউ ফাঁকা জায়গা পূরণ করে। আবার কাউকে গ্রেপ্তার করলে ওপর থেকে ফোন আসে। এত ফোন আসে যে কখনো কখনো ফোন বন্ধ রাখতে হয়। তবে দেশের সর্বত্র অভিযান চালাচ্ছি। আপনাদের সহযোগিতায় কার্যকর ব্যবস্থা নিতে পারব।

ব্রাদার রোনাল্ড ড্রাহোজাল: কেবল সরকার বা বিভিন্ন সংগঠন সবকিছু করতে পারবে না। এখানে জনসাধারণের বড় ভূমিকা আছে। মাদক নির্মূলে তাদেরও দায়িত্ব নিতে হবে। কেন নেশা করছে? কেন ঘর থেকে বের হলেই মাদক পাওয়া যায়? এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এর থেকে সাবধান থাকতে হবে।

মাদকাসক্ত পরিবারের সদস্য: আমার সন্তানকে তিনবার নিরাময়কেন্দ্রে ভর্তি করেছি। কিছুদিন ভালো থাকে। আবার মাদক নেয়। কিন্তু সম্পূর্ণ ভালো করতে পারছি না।

ফারজানা রহমান: অনেক বাবা-মা কর্মব্যস্ত থাকেন। সন্তানদের সময় দেন না। এতে সন্তানদের মনের ওপর নেতিবাচক প্রভাব পড়ে। তারা একাকিত্ব বোধ করে। মানসিকভাবে বিপর্যস্ত হয়। বাবা-মাকে বলব, সন্তানদের বেশি করে সময় দেন। তাদের কথা শোনেন। তাদের বুঝতে চেষ্টা করেন। তাদের বোঝান আমরা তোমাদের পাশে আছি।

আইনুন নিশাত: আগের দিনে সিগারেট খেলে কেউ না কেউ মা-বাবাকে বলে দিত। অর্থাৎ, তখন একটা সামাজিক উদ্যোগ ছিল। এখন এটা নেই। এখন অবস্থা এমন হয়েছে, অভিভাবকের কাছে অভিযোগ দিলে তাঁরা মানতে চান না যে তাঁদের সন্তানেরা মাদক নেয়। ওই ছেলেকে যখন পুলিশে ধরে, তখন তাঁরা বুঝতে পারেন। আবার দুঃখজনক হলেও সত্য, কোনো কোনো অভিভাবক একটু-আধটু মাদক নেওয়াকে স্মার্টনেস মনে করেন। এই হচ্ছে সমাজের বাস্তবতা। জিরো টলারেন্সের ক্ষেত্রে, আমরা প্রথমে বাবা-মাকে বলি, তাঁরা যেন তাঁদের সন্তানদের চিকিৎসা করান এবং ভালো হলে আবার আমাদের প্রতিষ্ঠানে পাঠান। অভিভাবক এটা না করলে আমাদের প্রতিষ্ঠানে রাখার নিয়ম নেই। তাদের চলে যেতে হয়।

ইকবাল মাসুদ: মাদক নিয়ন্ত্রণের ব্যাপারে সরকারের সদিচ্ছা থাকতে হবে। দৃঢ় অঙ্গীকার থাকতে হবে। সবচেয়ে আতঙ্কের বিষয় হচ্ছে, এখন ইয়াবা কেবল শহরেই সীমাবদ্ধ নয়। এটি গ্রামের দিকেও ধাবিত হচ্ছে। এখনই কার্যকর ব্যবস্থা না নিলে আরও বড় ধরনের বিপর্যয়ের মধ্যে পড়তে হবে।

মুনির হাসান: আমাদের ছেলেমেয়েদের বিভিন্ন কাজে ব্যস্ত রাখতে হবে। বিশেষ করে, তাদের সৃজনশীল কাজ দিতে হবে। তাদের সামনে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ থাকলে তারা এটা নিয়ে ব্যস্ত থাকবে। আমি নিজে বাচ্চাদের এই পরীক্ষা করেছি। ্এ কাজে তারা এত আনন্দ পেয়েছে যে কম্পিউটারে গেম খেলেনি। এমনকি টেলিভিশন পর্যন্ত দেখেনি।

আহমেদ হেলাল: সন্তানদের বুঝতে হবে। তাদের কথা শুনতে হবে। তাদের কেবল শাসন করলে হবে না, আবার টাকা দিলেও দায়িত্ব শেষ হবে না। স্নেহ, মমতা, ভালোবাসা দিতে হবে। পারিবারিকভাবে বিভিন্ন অনুষ্ঠানে যেতে হবে। ছেলেমেয়েদের বিভিন্ন খেলাধুলার সঙ্গে যুক্ত করতে হবে। তাদের নিয়ে বিভিন্ন ধরনের বিনোদনমূলক অনুষ্ঠানে যেতে হবে। সর্বোপরি সন্তানদের পর্যাপ্ত সময় দিতে হবে।

মেখলা সরকার: সন্তানদের গুণগত সময় দিতে হবে। আপনি পাঁচ ঘণ্টা সন্তানের সঙ্গে টেলিভিশনে বিনোদন অনুষ্ঠান দেখেছেন, এটা গুণগত সময় নয়। গুণগত সময় বলতে, তার সঙ্গে কথা বলতে হবে। তার সমস্যা জানতে হবে। তাকে বুঝতে চেষ্টা করতে হবে। তার ইচ্ছা-অনিচ্ছার গুরুত্ব দিতে হবে। সরাসরি তার সঙ্গে সম্পৃক্ত থাকতে হবে। তাহলে সন্তানদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে। তারা যেকোনো বিষয় মা-বাবাকে খুলে বলবে। মা-বাবা হবে সন্তানদের আশ্রয়স্থল।

একজন মাদকমুক্ত তরুণের মা: আমার ছেলে একসময় ভীষণ মাদকাসক্ত ছিল। হেন খারাপ কাজ নেই, যা সে করেনি। আমি টাকাপয়সা দিইনি। কিন্তু সে বন্ধুবান্ধব, আত্মীয়স্বজনসহ বিভিন্ন উপায়ে টাকা সংগ্রহ করেছে। তাকে ভালো করার চিন্তায় রাত-দিন ঘুম হতো না। একদিন প্রথম আলোর বিজ্ঞাপন দেখে কর্মশালায় এলাম। এই চিকিৎসকই সেদিন আমাকে এবং আমার ছেলেকে পরামর্শ দিয়েছেন। ছেলেকে নিরাময়কেন্দ্রে ভর্তি করেছি। ওনাদের পরামর্শ মোতাবেক চিকিৎসা করিয়েছি। আমার ছেলে ভালো হয়েছে এবং সে এখন ভালো চাকরি করছে। আমি পেরেছি। আমার বিশ্বাস, আপনারাও পারবেন। কিন্তু নিয়ম মেনে ধৈর্য নিয়ে চিকিৎসা করতে হবে।

সারা যাকের: আমরা যখন তরুণ ছিলাম, তখনো অনেকে গাঁজা নিত। তবে এরা ছিল উচ্চবিত্ত। এখন মাদক ব্যাপক বিস্তৃতি লাভ করেছে। এখন ধনী-দরিদ্র যেকোনো শ্রেণীর মানুষ মাদক নিচ্ছে। সর্বগ্রাসী হওয়ার আগেই এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সন্তানের যেকোনো সমস্যায় প্রথম ভূমিকা হবে মা-বাবার। কিন্তু দুঃখজনক হলেও সত্য, মাদকাসক্ত সন্তানকে বাবা-মা অনেক ক্ষেত্রে লুকিয়ে রাখেন। জানাজানির ভয়ে কারও সঙ্গে কেউ আলোচনা করেন না। এমনকি চিকিৎসকের কাছে পর্যন্ত যান না। আমাদের সবার উচিত, সন্তানদের ব্যাপারে দায়িত্বশীল হওয়া। দাতা সংস্থাগুলো বিভিন্ন বিষয় নিয়ে কাজ করলেও মাদকের ব্যাপারে তারা উৎসাহী নয়। দায়িত্ব পালনের ক্ষেত্রেও সবাইকে জবাবদিহির আওতায় আনতে হবে।

আসাদুুজ্জামান নূর: আমার এলাকাটি ভারতের খুব কাছে। দুঃখজনক হলেও সত্য, আমাদের এলাকা দিয়ে ভারত থেকে ফেনসিডিল আসে। আমরা কেন মাদকাসক্ত হয়নি, তার তিনটি কারণ। এক. বাবা-মা। দুই. প্রতিবেশী। তিন. শিক্ষক। এখন অনেক কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে জীবনযাপন করতে হয়। একটি বহুতল ভবনে থাকি। কিন্তু আমার নিচের ও ওপরের ফ্ল্যাটের লোকজন ছাড়া আর কাউকে চিনি না। আমাদের বাচ্চাগুলো প্রায় বন্দী পরিবেশে বেড়ে উঠছে। তারা কোনো সহশিক্ষা কার্যক্রমে যুক্ত থাকে না। আমাদের সময়টা খুব সৃজনশীল ছিল। ছাত্ররাজনীতি আমাকে সব দিয়েছে। এখনকার চিত্র সম্পূর্ণ ভিন্ন। এখন যে শিক্ষার্থী খারাপ, সে রাজনীতি করছে। যে রক্ষক, সে-ই ভক্ষক হয়েছে। আর এই রক্ষকদের রক্ষক হলেন একশ্রেণীর রাজনীতিবিদ। আবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও এর সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত। এই বৃত্ত না ভাঙতে পারলে কোনো সুফল পাওয়া যাবে না। তার পরও মনে করি, মানুষের শক্তিই বড় শক্তি। সমাজের সব জায়গায় ভালো মানুষ আছে। সমাজের বৃহত্তর অংশটিই ভালোর পক্ষে। তাই আমরা চাইলে একসঙ্গে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি। কাগজ-কলমে আইনের অভাব নেই। কিন্তু আইনের প্রয়োগ হয় না। প্রথম আলোর সম্পাদককে অনুরোধ করি, তিনি যেন দেশের গণমাধ্যমগুলোকে একত্র করে এই কর্মকাণ্ড পরিচালনা করেন। ঐশীর ঘটনা আমাদের সবার গালে একটি চড় মেরেছে।

মতিউর রহমান: প্রথম আলো প্রায় ১২ বছর ধরে মাদকবিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত। প্রায় চার বছর যাবৎ ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে প্রতি মাসে একটি করে মাদকের বিরুদ্ধে পরামর্শ সহায়তা সভার আয়োজন করছি। আমরা আমাদের সাধ্যমতো কাজটি চালিয়ে যাচ্ছি। সবাই মিলে মাদকের বিরুদ্ধে একটি ফলপ্রসূ উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মনে করি।

যাঁরা আলোচনায় অংশ নিলেন

আসাদুুজ্জামান নূর

সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয় সংসদ

আইনুন নিশাত

উপাচার্য, ব্র্যাক বিশ্ববিদ্যালয়

মোহাম্মদ ইকবাল

মহাপরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

সারা যাকের

গণমাধ্যম ব্যক্তিত্ব

ব্রাদার রোনাল্ড ড্রাহোজাল

পরিচালক, আপন (মাদক নিরাময় কেন্দ্র)

তাজিন আহমেদ

অধ্যক্ষ, সানিডেল স্কুল

মোহিত কামাল

মনোরোগ বিশেষজ্ঞ, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, ঢাকা

আহমেদ হেলাল

মনোরোগ বিশেষজ্ঞ, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, ঢাকা

মেখলা সরকার

মনোরোগ বিশেষজ্ঞ, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, ঢাকা

ফারজানা রহমান

মনোরোগ বিশেষজ্ঞ, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, ঢাকা

ইকবাল মাসুদ

সহকারী পরিচালক, আহ্ছানিয়া মিশন

মুনির হাসান

তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ

মতিউর রহমান

সম্পাদক, প্রথম আলো

অন্যান্য

নির্ধারিত আলোচক ছাড়াও কয়েকজন অভিভাবক বিভিন্ন বিষয়ে জানতে চেয়ে আলোচনা করেন।

সঞ্চালক

আব্দুল কাইয়ুম, সহযোগী সম্পাদক

প্রথম আলো

গ্রন্থনা: আশফাকুজ্জামান