জাতীয় পার্টির (জাপা) কল্যাণে এবার আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে বলে দাবি করেছেন দলটির চেয়ারম্যান এইচ এম এরশাদ। তাই জাতীয় পার্টিকে নিয়ে ‘মুখরোচক’ কথা না বলে ‘সাবধানে’ কথা বলার জন্য আওয়ামী লীগের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
গতকাল শুক্রবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় শ্রমিক পার্টির ইফতার অনুষ্ঠানে এরশাদ এ আহ্বান জানান। তিনি বলেন, ‘জাতীয় পার্টিকে নিয়ে মুখরোচক কথা বলবেন না। ৫ জানুয়ারির নির্বাচনে জাতীয় পার্টি অংশ না নিলে আপনারা ক্ষমতায় আসতে পারতেন না। দেশের সংবিধান ও গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা হতো না। তাই জাতীয় পার্টিকে নিয়ে কথা বলতে সাবধান হোন।’
এর আগের দিন বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরশাদকে উদ্দেশ করে বলেছিলেন, ‘১৯৯১-এর নির্বাচনের পর ওনার ভাবি ওনাকেসহ জাতীয় পার্টির সবাইকে জেলে পুরেছেন। এত কবিতা লিখলেন! ভাবির জন্য একটা কবিতা লিখে কি তাঁর মন জয় করতে পারেন নাই?’
জাতীয় পার্টিকে নিয়ে এ জাতীয় হাস্যরস না করার অনুরোধ জানিয়ে এরশাদ আরও বলেন, ’৯৬ থেকে এ পর্যন্ত প্রতিবারই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে জাতীয় পার্টির সমর্থনে। এবারও জাতীয় পার্টি নির্বাচন না করলে এই সরকার হতো না, এই সংসদ হতো না।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত এরশাদ আরও বলেন, ‘শেয়ারবাজারে লুটপাটকারী দরবেশ ও ব্যাংক ডাকাতেরা প্রধানমন্ত্রীর আশপাশে যখন ঘুরাফেরা করে, তখন লজ্জিত হই। জাতি লজ্জা পায়।’
জাতীয় শ্রমিক পার্টির সভাপতি শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু, দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাংসদ কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন প্রমুখ।