সাবমেরিন যুক্ত হলে নৌবাহিনীর সক্ষমতা বহুগুণ বাড়বে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ‘সম্পদের সীমাবদ্ধতার পরও আমরা অন্য যেকোনো সময়ের তুলনায় নৌবাহিনীকে অধিকতর শক্তিশালী করতে সক্ষম হয়েছি। ২০১৬ সালের মধ্যে নৌবহরে দুটি সাবমেরিন যুক্ত হলে এ সক্ষমতা বহুগুণে বাড়বে।’
নৌবাহিনীর ১৬ দিনব্যাপী বাৎসরিক সমুদ্র মহড়া শেষে গতকাল মঙ্গলবার চট্টগ্রাম নেভাল বার্থে ‘সমুদ্র জয়’ যুদ্ধজাহাজে চট্টগ্রাম নৌ অঞ্চলের কর্মকর্তা ও নাবিকদের উদ্দেশে ভাষণে রাষ্ট্রপতি এসব কথা বলেন। এর আগে উপকূল থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে প্রায় দুই ঘণ্টাব্যাপী ‘অপারেশন সি থান্ডার’ শীর্ষক এ মহড়া অনুষ্ঠিত হয়।
রাষ্ট্রপতি বলেন, ‘আপনাদের কর্মতৎপরতা, দক্ষতা ও পেশাদারিত্ব দিয়ে নৌবাহিনীকে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ নৌবাহিনীতে পরিণত করবেন—এ আহ্বান জানাই।’ নৌবাহিনীর আধুনিকীকরণ চলছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে ‘সমুদ্র জয়’ ছাড়াও চীন থেকে দুটি যুদ্ধজাহাজ নৌবাহিনীতে যুক্ত হয়েছে। দুটি উন্নতমানের হেলিকপ্টার ও দুটি মেরিটাইম পেট্রল এয়ারক্রাফট কিনে নেভাল এভিয়েশন প্রতিষ্ঠার মাধ্যমে নতুন মাত্রা সংযোজিত হয়েছে। নৌবাহিনীর কমান্ডো দল সোয়ার্ডস (এসডব্লিউএআরডিএস) গঠন করা হয়েছে।
এর আগে সকাল সাড়ে ১০টায় একটি স্পিডবোটে চড়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থানরত সমুদ্র জয় জাহাজে আরোহণ করেন রাষ্ট্রপতি।