
জ্ঞানচর্চার জন্য চীন দেশে যাওয়ার কথা প্রায়ই বলা হয়। তাই স্বয়ং চীন থেকে দুটি সাবমেরিন চলে আসার পরও এ সম্পর্কে জ্ঞান না রাখা রীতিমতো অপরাধ! সাবমেরিন সম্পর্কে জ্ঞান দিচ্ছেন মারুফ মুক্তাদীর খান
* সিনেমার সাবটাইটেল যেমন স্ক্রিনের নিচে চলতে থাকে, সাবমেরিনও চলে পানির নিচ দিয়ে।
* সাবমেরিন পানিতে ডুবে গেলেও উদ্ধারের জন্য উদ্ধারকারী জাহাজ ‘এমভি রুস্তম’ অথবা ‘এমভি হামজার’ প্রয়োজন হয় না।
* ‘প্রেমের মরা জলে ডোবে না’ এই প্রবাদ থেকে অনুধাবন করা যায় যে সাবমেরিনের কোনো প্রেমিক/প্রেমিকা নেই।
* আইফোন সেভেনের মতো চীনা সাবমেরিন দুটিও ওয়াটারপ্রুফ।
* লঞ্চডুবির ঘটনায় ছাগল প্রদানের রেওয়াজ থাকলেও সাবমেরিনডুবিতে ছাগল, গরু, ভেড়া এমনকি মুরগি দেওয়ারও সম্ভাবনা নেই।
* হাতিরঝিলে ওয়াটারবাসের পাশাপাশি সাবমেরিন চালু করার কোনো পরিকল্পনা সিটি করপোরেশনের আপাতত নেই।
* ব্যক্তিগত গাড়ি কিংবা মোটরসাইকেল সপ্তাহান্তে এক দিন ধুয়ে পরিষ্কার করতে হলেও সাবমেরিন ধোয়ার কোনো প্রয়োজন পড়ে না।
* কাগজ দিয়ে বানানো নৌকা আর সাবমেরিনের মধ্যে মিল হচ্ছে, দুটোই চলতে শুরু করার পর ডুবতে থাকে।