সাবরেজিস্ট্রার ও সহকারীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইলের সাবরেজিস্ট্রার ও তাঁর সহকারীর বিরুদ্ধে দলিল নিবন্ধন করতে আসা লোকজনের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার সাবরেজিস্ট্রারের কার্যালয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) আয়োজিত গণশুনানিতে ভুক্তভোগী ব্যক্তিরা এসব অভিযোগ করেন।
নান্দাইল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) ওই শুনানির আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন দুপ্রকের সভাপতি গাজী আবদুস সালাম ভূঁইয়া। শুনানিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দুদকের ময়মনসিংহের সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম ও নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাফিজুর রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন দুপ্রকের সম্পাদক কামরুল হুদা।
গণশুনানিতে মো. আবদুল খালেক নামের একজন বলেন, ১৫ শতক জমির দলিল নিবন্ধনের খরচ বাবদ সাবরেজিস্ট্রার কার্যালয়ের অফিস সহকারী চন্দনা বণিক তাঁর কাছে ২ হাজার ৬০০ টাকা দাবি করেন। পরে তাঁকে ১ হাজার টাকা ফেরত দেওয়া হয়। কিন্তু ওই দলিল নিবন্ধনে সরকারি ফি কত এ বিষয়ে কার্যালয়ের কেউ তাঁকে বলেননি। তাঁকে টাকা নেওয়ার রসিদও দেওয়া হয়নি।
এর জবাবে অফিস সহকারী চন্দনা বণিক বলেন, তিনি ফি হিসেবে ৪০০ টাকা নিয়েছেন। এর বাইরে ২ হাজার ৬০০ টাকা নেওয়া বা ১ হাজার টাকা ফেরত দেওয়ার বিষয়টি তিনি জানেন না। এ সময় ভুক্তভোগীরা তাঁকে দুর্নীতিবাজ বলে চিৎকার করতে থাকেন।
ওই কর্মকর্তাকে বাঁচাতে সাবরেজিস্ট্রার মো. নূর নেওয়াজ কিছু বলতে চাইলে তাঁকেও দুর্নীতিবাজ বলতে থাকেন লোকজন। তাঁর বিরুদ্ধে সেরেস্তা ফির নামে দলিলপিছু এক থেকে তিন হাজার টাকা গ্রহণ ও তাঁর বাড়ির মসজিদের উন্নয়নের জন্য চাঁদা আদায়ের অভিযোগ করেন কয়েকজন।
এসব অভিযোগের জবাবে নূর নেওয়াজ বলেন, চাঁদা নয়, মসজিদের জন্য তিনি সাহায্য নিয়ে থাকেন। তবে এখন থেকে তিনি এই খাতে টাকা নেবেন না। সেরেস্তা ফি তিনি নেন না বলে দাবি করেন।
শুনানিতে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক জাহাঙ্গীর আলম দলিল নিবন্ধন খাতে আদায় করা অর্থের রসিদ দেওয়া এবং এর সরকারি ফির তালিকা টানিয়ে রাখার প্রস্তাব করেন। উপস্থিত লোকজন এ প্রস্তাব সমর্থন করলেও সাবরেজিস্ট্রার নূর নেওয়াজ এ বিষয়ে কোনো কথা বা প্রতিশ্রুতি দেননি।