সাবরেজিস্ট্রারের অপসারণের দাবি দলিল লেখকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরবে সাবরেজিস্ট্রার ও তাঁর কার্যালয়ের অফিস সহকারীকে অপসারণের দাবিতে কলমবিরতি শুরু করেছে দলিল লেখক সমিত। গতকাল সোমবার থেকে ৬০ জন দলিল লেখক এই কর্মসূচির ডাক দেন। এতে দলিল নিবন্ধনের কাজে অচলাবস্থার সৃষ্টি হয়েছে।

দলিল লেখকেরা অভিযোগ করেন, এক বছর দশ মাস আগে সাবরেজিস্ট্রার আসমা আক্তার ভৈরবে যোগ দেন। প্রথম কয়েক মাস স্বাভাবিক প্রক্রিয়ায় দায়িত্ব পালন করেন তিনি। পরে দলিলের গুরুত্ব বুঝে অতিরিক্ত টাকা দাবি করে আসছিলেন। দলিল লেখকদের মাধ্যমে তিনি ওই টাকা আদায় করেন। তাঁর এই কাজে সমন্বয় করেন অফিস সহকারী রফিকুল ইসলাম। ধীরে ধীরে তাঁর চাহিদার মাত্রা বাড়তে থাকে। এখন প্রতি মাসে তিনি দলিল লেখকদের মাধ্যমে প্রায় অর্ধকোটি টাকা দাবি করেন। এই নিয়ে সেবাগ্রহীতাদের সঙ্গে দলিল লেখকদের ভুল-বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। এই অবস্থায় সাবরেজিস্ট্রার ও অফিস সহকারীর অপসারণ ছাড়া স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা সম্ভব নয়।

ভৈরব দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মমিনুল কবির বলেন, ‘সাবরেজিস্ট্রার এখন দলিলপ্রতি ৩ হাজার ১০০ টাকা থেকে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঘুষ দাবি করছেন। এসব অনিয়মের প্রতিবাদ করায় আমাদের লাইসেন্স বাতিলের হুমকি দেন। এ বিষয়ে কিশোরগঞ্জ জেলা সাবরেজিস্ট্রারের কাছে লিখিত অভিযোগ দিয়েও প্রতিকার পাচ্ছি না।’

ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার করে সাবরেজিস্ট্রার বলেন, ‘দলিল লেখকেরা আমার কাছে নানা অনৈতিক দাবি নিয়ে আসে। সংগত কারণেই তাদের এসব দাবি আমার পক্ষে রাখা সম্ভব হয় না। মূলত আমার কারণে তাদের অবৈধ লেনদেন বন্ধ হয়ে যাওয়ায় স্বার্থের এই আন্দোলন শুরু করেছে।’ তিনি আরও বলেন, আজ মঙ্গলবার অফিসে গিয়ে তিনি দলিল লেখকদের স্বাভাবিক কাজে ফিরিয়ে আসার অনুরোধ করবেন। এতে তাঁরা কাজে যোগ না দিলে ঊর্ধ্বতনদের কাছে লিখিতভাবে জানিয়ে তিনি করণীয় নির্ধারণ করবেন।