সাবানের ভেতরে সোনার বার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবানের ভেতর সোনার বার লুকিয়ে রেখে পাচারের চেষ্টা করেছিলেন এক যাত্রী। কিন্তু শেষরক্ষা হয়নি। চট্টগ্রাম বিমানবন্দরে নিয়োজিত শুল্ক কর্মকর্তারা স্ক্যানিং মেশিনের সাহায্যে শনাক্ত করেন সেই সোনার বার।
বিমানবন্দর সূত্র জানায়, গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটায় মাস্কট থেকে ওমান এয়ারওয়েজের একটি উড়োজাহাজে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন নুরুল আবছার। স্ক্যানিং মেশিনে যাচাই করার সময় সাবানের ভেতর চারটি এবং অন্য প্যাকেটে চারটিসহ মোট আটটি সোনার বার ধরা পড়ে। তাঁকে আটক করে পুলিশে দেওয়া হয়। আটক নুরুল আবছারের বাড়ি রাঙ্গুনিয়ায়। আটক হওয়ার পর শুল্ক কর্মকর্তাদের কাছে তিনি দাবি করেন, এক প্রবাসী তাঁকে এসব মালামাল দেন। এগুলো ওই প্রবাসীর বাড়ি পৌঁছে দেওয়ার কথা ছিল।
বিমানবন্দরে নিয়োজিত কাস্টম হাউসের সহকারী কমিশনার মো. পারভেজ আল জামান প্রথম আলোকে বলেন, উদ্ধার হওয়া আটটি সোনার বারের ওজন ৯৩৩ গ্রাম। এগুলোর আনুমানিক বাজারমূল্য ৪৪ লাখ টাকা। এ ব্যাপারে নুরুল আবছারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান।