ঈদের পরের দিন রোববার সিরাজগঞ্জের মুলিবাড়িতে দুটি বাসের সংঘর্ষে ১৭ জন নিহত ও অর্ধশতাধিক যাত্রী আহত হওয়ার ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদনে সাবির পরিবহন বাসের চালক ও মালিককে দায়ী করা হয়েছে।
পাঁচ সদস্যর তদন্ত কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ এইচ এম আনোয়ার পাশা গত বুধবার বিকেলে জেলা প্রশাসকের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। গতকাল বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেন বিষয়টি সাংবাদিকদের জানান।
জেলা প্রশাসক বিল্লাল হোসেন তদন্ত প্রতিবেদনের বিষয়ে বলেন, প্রতিবেদনে দুর্ঘটনার জন্য দুটি বাসের মধ্যে চট্টগ্রাম থেকে দিনাজপুরগামী সাবির পরিবহনের বাসটির চালক ও মালিককে দায়ী করা হয়েছে। কারণ হিসেবে বলা হয়েছে, চালক তন্দ্রাচ্ছন্ন ও বেপরোয়া গতিতে বাস চালাচ্ছিলেন, যা তিনি নিজে মৃত্যুর আগ মুহূর্তে জবানবন্দিতে স্বীকার করে গেছেন। এ ছাড়া বাসটিতে অতিরিক্ত যাত্রী ছিল এবং বাসটির রুট পারমিট ও ফিটনেস ছিল না।
দুর্ঘটনার কারণ ছাড়াও দুর্ঘটনা প্রতিরোধে যানবাহনের গতি কমানো, অতিরিক্ত যাত্রী বহন না করা, মহাসড়কে হালকা গতিরোধক ও বিভাজক নির্মাণ, ফিটনেসবিহীন যানবাহন বাতিল, সড়ক প্রশস্ত করে চার লেনে রূপান্তর, দুজন করে চালক রাখা, মহাসড়কে তিন চাকাবিশিষ্ট যানবাহন চলাচল বন্ধসহ ১১টি বিষয়ে সুপারিশ করেছে তদন্ত কমিটি।
গত রোববার সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের মুলিবাড়িতে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুটি বাসেরই চালকসহ ১৭ জন যাত্রী নিহত ও অর্ধশতাধিক যাত্রী আহত হন।