সাবিরুলের সাফল্যগাথায় মন্ত্রমুগ্ধ শ্রোতারা

তরুণদের নিজের সাফল্যগাথা শোনালেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ লেখক, উদ্যোক্তা ও বক্তা সাবিরুল ইসলাম। আজ রোববার বিকেলে কারওয়ান বাজারের সি এ ভবনের মিলনায়তনে তিনি এই সাফল্যগাথা শোনান।
জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই), ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সঙ্গে যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে প্রথম আলো।
সাবিরুলের বাড়ি সিলেটের বিশ্বনাথে। জন্ম ১৯৯০ সালে। তিন বছর বয়সে একবার পরিবারের সঙ্গে বাংলাদেশে এলেও এবার তিনি এলেন ২০ বছর পর। তবে তত দিনে সাবিরুলের খ্যাতি বিশ্বজুড়ে। ২০১০ সালে পৃথিবীর ২৫ তরুণ শিল্প উদ্যোক্তার একজন নির্বাচিত হন সাবিরুল। এ বছর যুক্তরাজ্যের প্রভাবশালী ১০০ ব্রিটিশ-বাংলাদেশির তালিকায় নাম এসেছে তাঁর। সাবিরুলের লেখা ‘দ্য ওয়ার্ল্ড অ্যাট ইওর ফিট’ বই বিক্রি হয়েছে ৬০ হাজার কপি। ১০ লাখ তরুণের মধ্যে উদ্যোক্তা হওয়ার স্বপ্নের বীজ বুনে দিতে ২০১১ সালের মে মাসে সাবিরুল শুরু করেন ‘ইন্সপায়ার ওয়ান মিলিয়ন’ কর্মসূচি। যাত্রা শুরু করেছিলেন মালদ্বীপ থেকে। তারপর শ্রীলঙ্কা, ভারত, নাইজেরিয়া, দক্ষিণ আফ্রিকা, বতসোয়ানাসহ বিশ্বের ২৫টি দেশের আট লাখ ৮৫ হাজার মানুষের সঙ্গে কথা বলেছেন। তবে অপেক্ষা করেছিলেন বাংলাদেশের জন্য। ২৩ সেপ্টেম্বর ২৬তম দেশ হিসেবে তিনি মাতৃভূমি বাংলাদেশে আসেন। গত এক সপ্তায় তিনি ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ব্রাহ্মণবাড়িয়ার তরুণদের সঙ্গে কথা বলেছেন।
ইংরেজিতে দেওয়া বক্তব্যে সাবিরুল ইসলাম বলেন, ‘“আমিই পারি”—এই স্পৃহায় এগিয়ে যেতে হবে। কখনো ভাববেন না আপনি শুধু বাংলাদেশের নাগরিক; বরং নিজেকে উন্মোচন করে বিশ্বনাগরিক হয়ে উঠুন।’
দেড় ঘণ্টার টানা বক্তব্যে সাবিরুল বলেন, ‘আপনি যখন ভালো কাজ করবেন, তখন অনেক খারাপ মানুষ আপনার বাধা হয়ে দাঁড়াতে পারে। তারা আপনাকে অগ্রাহ্য করতে পারে। কিন্তু নিজের ওপর বিশ্বাস স্থাপন করে আপনাকে এগিয়ে যেতে হবে।’
তরুণ এই উদ্যোক্তা সাবিরুল বলেন, ‘সম্পদ কখনো টাকা নয়। সম্পদ হলো নেটওয়ার্ক। যেমন, আমি আমার বন্ধুদের সহযোগিতা করি। তারা আমাকে সহযোগিতা করে। এটার মাধ্যমে আমি এগিয়ে এসেছি। এজন্য আমাদের সবাইকে “সামাজিক বৃত্ত” গড়ে তুলতে হবে। আর তরুণদের কাছে যে মুঠোফোন আছে, সেটা বর্তমান জামানায় সবচেয়ে বেশি সম্পদে পূর্ণ।’
বাংলাদেশ সফররত তরুণ প্রতিভাবান সাবিরুল বলেন, ‘আপনাকে সব সময় সাফল্যের জন্য, নিজের পরিবর্তনের জন্য উন্মুখ থাকতে হবে। কিন্তু কখনোই ঔদ্ধত্যপূর্ণ আচরণ করা যাবে না।’
বলিউডের অভিনেতা শাহরুখ খানের সফলতার উদাহরণ দিয়ে সাবিরুল বলেন, ‘আমরা যদি মনে করি, শাহরুখ খান মাউন্ট এভারেস্টের চূড়া। আমরা যদি সেখানে উঠতে গিয়ে মাত্র দুই ধাপ অতিক্রম করি, তাহলে শাহরুখ খান কিছুই শুনতে পাবে না। এ জন্য তার কাছে পৌঁছাতে হবে। তাহলেই কেবল সে আমাদের শুনতে পাবে।’
উদ্যোক্তা হতে টাকার প্রয়োজন নেই, উল্লেখ করে সাবিরুল বলেন, ‘উদ্যোক্তা হতে প্রয়োজন শিক্ষা এবং জ্ঞান। আমাকে কেউ টাকা দেয়নি। পরিবার থেকেও কেউ সাহায্য করেনি। শুধু নিজেকে পরিবর্তনের অনুপ্রেরণা আমাকে সাফল্য এনে দিয়েছে।’
যুবসমাজকে পরিবর্তন হতে হবে, উল্লেখ করে সাবিরুল বলেন, ‘তুমি স্কুল থেকে এসে জামাকাপড় ছুড়ে ফেলে দিচ্ছ। এটা ধোবে তোমার চল্লিশোর্ধ্ব মা! এটা হতে পারে না। নিজের কাজ নিজেকে করতে হবে। সাফল্য চাইলে কঠোর পরিশ্রমী হতে হবে। নিজেকে ইতিবাচক মানসিকতা সম্পন্ন হতে হবে।’
সাবিরুল বলেন, ‘লন্ডনের সব জায়গায় রং করা হয়ে গেছে। সেখানে নতুন করার কিছু নেই। কিন্তু বাংলাদেশে রং করা এখনো অর্ধেক বাকি। সুতরাং বাংলাদেশকে রঙিন করতে কাজ করা সম্ভব। লন্ডনে করার কিছু নেই।’
মাতাপিতাদের প্রতি সাবিরুল বলেন, ‘আপনারা কেবল সন্তানদের ডাক্তার বানাতে চান কেন? সবাই কি ডাক্তার হতে পারে? আপনার সন্তানকে কেন একজন সফল উদ্যোক্তা হিসেবে দেখতে চান না?’ তিনি বলেন, ‘আমাদের দেশের সংস্কৃতিতে দেখা যায়, ডিগ্রি না থাকলে বিয়েও হয় না। অথচ সাফল্য পেতে বড় কোনো ডিগ্রির দরকার নেই।’
সেমিনারে অনলাইনে নিবন্ধের মাধ্যমে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল ও নানা শ্রেণী-পেশার পাঁচ শতাধিক মানুষ অংশ নেন। তবে অংশগ্রহণকারী লোকজনের বেশির ভাগই ছিলেন তরুণ।
সেমিনারে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থী নুরুজ্জামান প্রথম আলো ডটকমকে বলেন, ‘এত অল্প বয়সী একজন তরুণের সাফল্য আজ নিজ চোখে দেখলাম।’
প্রকৌশলী রাকিবা রউফ প্রথম আলো ডটকমকে বলেন, ‘এত কম বয়সী একজন মানুষের সাফল্যের কথা শুনে উদ্যোক্তা হওয়ার অনুপ্রেরণা পেয়েছি।’
ইংরেজিতে দীর্ঘ দেড় ঘণ্টার বক্তৃতায় উপস্থিত দর্শক মন্ত্রমুগ্ধের মতো তরুণ এই উদ্যোক্তার সাফল্যগাথা শোনেন। বক্তব্য শেষে ‘প্রথম আলো’র পক্ষ থেকে সাবিরুলকে শুভেচ্ছা স্মারক তুলে দেন পত্রিকাটির সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম। এর আগে সাবিরুলের সঙ্গে মঞ্চে আসেন ‘প্রথম আলো’র সহযোগী সম্পাদক আনিসুল হক, জেসিআইয়ের সভাপতি মোস্তাফিজুর রহমান প্রমুখ।
অনুষ্ঠান শেষে সাবিরুল কথা বলেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের সঙ্গে। এ সময় সাবিরুল তার লেখা বইগুলো বাংলা অনুবাদ করে প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়ায় প্রথম আলো কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। প্রথম আলোতে তিনি নিয়মিত লিখবেন বলেও জানান। সাবিরুলের পুরো বক্তৃতা প্রথম আলো অনলাইন সরাসরি সম্প্রচার করে।