সাবিরুলের '১০ লাখের স্বপ্নপূরণ'
তাঁর বক্তব্যে অনুপ্রাণিত হয়ে বদলে গেছে হাজারো তরুণের জীবন। তাঁদের কেউ হয়েছেন উদ্যোক্তা, কেউ ফিরেছেন সুস্থ জীবনধারায়। কেউ খুঁজে পেয়েছেন জীবনের সঠিক লক্ষ্য। এভাবেই বক্তৃতা দিয়ে তরুণদের স্বপ্ন দেখতে প্রেরণা জোগান বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ তরুণ উদ্যোক্তা, লেখক ও বক্তা সাবিরুল ইসলাম।
সাবিরুল ইসলাম তাঁর ‘ইন্সপায়ার ওয়ান মিলিয়ন’ কর্মসূচি নিয়ে বিশ্বের নানা প্রান্তের ২৬টি দেশ ঘুরে অনুপ্রাণিত করেছেন লাখো তরুণকে। গতকাল মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারের সিএ ভবন মিলনায়তনে প্রথম আলো আয়োজিত এক অনুষ্ঠানে ৪০০ দর্শক প্রবেশের মাধ্যমে সেই প্রেরণায় উদ্বুদ্ধ তরুণের সংখ্যা ছুঁয়েছে ১০ লাখ। ৭৫টি আন্তর্জাতিক ভ্রমণে ৮৬৭তম অনুষ্ঠানটি ছিল গতকাল। অনুষ্ঠানে সহযোগিতায় ছিল রোটারি ক্লাব অব ঢাকা রেডিয়েন্ট।
‘১০ লাখের স্বপ্নপূরণ’ শীর্ষক ওই অনুষ্ঠানে সাবিরুল বলেন, সফল হতে হলে মানসিকতা হতে হবে ইতিবাচক। নিজের সিদ্ধান্ত নিয়ে আত্মবিশ্বাসী থাকা, মনের ইচ্ছাকে প্রাধান্য দেওয়া, কঠোর পরিশ্রম, নিজের সম্পর্কে চিন্তা করা, ধৈর্য ধারণ, মানুষকে বিশ্বাস করাও জরুরি। তরুণদের উদ্দেশে তিনি বলেন, নিজের গুরুত্ব শুধু তুমি নিজেই জানো। তুমি যদি নিজেকে সঠিক গুরুত্ব দাও, তাহলে একসময় বুঝবে, পৃথিবীর জন্য তুমি কিছু করতে পারছ। তোমার জন্য সুযোগ অপেক্ষা করছে। শুধু সঠিক জায়গায় গিয়ে সেটাকে খুঁজে নাও।
সাবিরুল অনুষ্ঠানে তাঁর লেখক-উদ্যোক্তা হয়ে ওঠা, জীবনের বিভিন্ন অভিজ্ঞতা, ‘ইন্সপায়ার ওয়ান মিলিয়ন’ কর্মসূচির আদ্যোপান্ত, বিভিন্ন দেশে তাঁর বক্তব্যে উৎসাহিত মানুষের গল্প শোনান। উদ্যোক্তা হতে আগ্রহী তরুণদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।
২০১৩ সালের সেপ্টেম্বরে সাবিরুল প্রথমবার বাংলাদেশে এসেছিলেন ‘ইন্সপায়ার ওয়ান মিলিয়ন’ কর্মসূচি নিয়ে। এবার কর্মসূচির শেষ পর্বে বাংলাদেশে ২৬ আগস্ট থেকে তিনি বেড়িয়েছেন দেশের এপ্রান্ত থেকে ওপ্রান্ত। ২০১১ সালে কর্মসূচির সূচনা হয়েছিল মালদ্বীপে প্রথম বক্তৃতার মাধ্যমে।
অনুষ্ঠানের শুরুতে সাবিরুলকে ফুল দিয়ে বরণ করে নেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক।