অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা পৃথক দুটি মামলায় বগুড়া সরকারি আযিযুল হক কলেজের সাবেক অধ্যক্ষ সুলতান আলী ও ছাত্রলীগের তিনজন নেতাসহ ১৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক বগুড়ার উপপরিচালক কামরুল আহসান তদন্ত শেষে গতকাল মঙ্গলবার জেলা বিচারিক হাকিম আদালতে ওই অভিযোগপত্র দাখিল করেন।যাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে তাঁরা হলেন: সাবেক অধ্যক্ষ সুলতান আলী, সাবেক প্রধান সহকারী জসিম উদ্দিন, সাবেক ভারপ্রাপ্ত প্রধান সহকারী আবু এরশাদ, সাবেক হিসাব সহকারী এস এম আবদুল মান্নান, হিসাব সহকারী রফিকুল ইসলাম, অফিস সহকারী আকুল হোসেন, ক্যাশিয়ার গোলাম আযম, ইলেকট্রিশিয়ান মোন্তেজার রহমান, সহকারী ইলেকট্রিশিয়ান আজাহারুল ইসলাম, ক্যাশিয়ার সরকার মেহেদী হাসান, পিয়ন শাহীনুর ইসলাম শাহীন, জাহিদুর রহমান, হারুনার রশিদ, আলমগীর হোসেন, আবদুল বাছেদ, ছাত্রলীগ আযিযুল হক কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক আবু জাফর মাহমুদ্দুন্নবী, কামরুল হুদা ও কামরুল হাসান। এঁদের মধ্যে অনেকেই আছেন, যাঁদের বিরুদ্ধে দুটি মামলাতেই অভিযোগপত্র দেওয়া হয়েছে।অভিযোগপত্র দুটিতে উল্লেখ করা হয়েছে, আসামিরা যোগসাজশের মাধ্যমে ২০০৭ সালের ১৮ নভেম্বর থেকে ২০০৮ সালের ৩০ জুন পর্যন্ত সময়ে কলেজ, পরিবহন, সংস্কৃতি, ক্রীড়া, লাইব্রেরি, মসজিদ, চিকিৎসাসহ বিভিন্ন তহবিল থেকে ভুয়া রসিদ তৈরি করে টাকা আত্মসাৎ করেছেন।গত বছরের ৪ অক্টোবর দুদক বগুড়া কার্যালয়ের উপসহকারী পরিচালক বীরকান্ত রায় বাদী হয়ে বগুড়া সদর থানায় পৃথক দুটি মামলা করেন।