ভিকারুননিসা নূন স্কুলের ছাত্রী ধর্ষণের ঘটনায় করা মামলায় জামিন পেয়েছেন সাবেক অধ্যক্ষ হোসনে আরা বেগম। গতকাল মঙ্গলবার সকালে তিনি ঢাকার নারী ও শিশু দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মো. আরিফুর রহমানের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত ১০ হাজার টাকা মুচলেকায় একজন আইনজীবীর জিম্মায় তাঁর জামিন মঞ্জুর করেন।গত সোমবার একই আদালত সাবেক এই অধ্যক্ষ ও বসুন্ধরা শাখার সাবেক প্রধান লুৎফুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। একই অভিযোগে গ্রেপ্তার শিক্ষক পরিমল জয়ধরসহ এই তিনজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৯(১) ও ৩০ ধারায় অভিযোগ আমলে নেন আদালত।উল্লেখ্য, গত বছরের ২৮ মে ভিকারুননিসা নূন স্কুলের বসুন্ধরা শাখার পাশে একতলা ভবনের একটি কক্ষে ওই স্কুলের দশম শ্রেণীর একজন ছাত্রীকে পাশবিক নির্যাতন করা হয়। ঘটনার ১৮ দিন পরে ৫ জুলাই ছাত্রীর বাবা বাদী হয়ে বাড্ডা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলায় শিক্ষক পরিমল জয়ধর, অধ্যক্ষ হোসনে আরা এবং বসুন্ধরা শাখার প্রধান লুৎফুর রহমানকে আসামি করা হয়। গত বছরের ৭ জুলাই কেরানীগঞ্জের একটি বাসা থেকে পুলিশ পরিমলকে গ্রেপ্তার করে।