সাবেক অধ্যক্ষের অনিয়ম তদন্ত শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষের আমলে যন্ত্রপাতি মেরামতকাজের ব্যয়ে কোটি টাকার অনিয়ম তদন্ত শুরু হয়েছে। গত বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন সহকারী সচিব কলেজে তদন্তে আসেন।
মেডিকেল কলেজের একটি সূত্র জানায়, কলেজের সাবেক অধ্যক্ষ মো. হামিদুল হক খন্দকারের আমলে কলেজের বিভিন্ন বিভাগের জন্য ২৩ কোটি টাকার যন্ত্রপাতি কেনা হয়। এসব যন্ত্রপাতি ব্যবহার বা রক্ষণাবেক্ষণের জন্য কোনো টেকনিশিয়ান নিয়োগ দেওয়া হয়নি। ফলে কেনার কিছুদিন যেতে না যেতেই একাধিক যন্ত্রপাতিতে নানা ত্রুটি দেখা দেয়। হামিদুল হক তাঁর আমলেই যন্ত্রপাতির ত্রুটি মেরামতের জন্য বরাদ্দ চেয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে আবেদন জানানো হয়। মন্ত্রণালয় থেকে প্রায় এক কোটি (৯৯ লাখের কিছু বেশি) টাকা বরাদ্দ করা হয়। কিন্তু যন্ত্রপাতি মেরামত শেষে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যে বিল-ভাউচার পাঠানো হয়, তাতে যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করায় মেরামতকাজে অনিয়ম হয়েছে বলে সন্দেহ হয় মন্ত্রণালয়ের।
এ অবস্থায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে ঘটনা তদন্তে গাজী মুনির হোসেন নামে একজন ঊর্ধ্বতন সহকারী সচিবকে অনিয়ম তদন্তে পাঠানো হয়। গত বুধবার তিনি দিনাজপুর মেডিকেল কলেজে এসেছিলেন বলে কলেজের প্রশাসনিক শাখা সূত্রে জানা গেছে।
দিনাজপুর মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. কামরুল আহসান বলেন, যেসব যন্ত্রপাতি মেরামত করা হয়েছে সেগুলো সচল আছে কি না সরেজমিনে পরীক্ষা করে দেখেন গাজী মুনির হোসেন। কোনো অনিয়ম হয়েছে কি না সে বিষয়ে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দেবেন।