সাবেক অধ্যক্ষের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমতলী ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মো. মজিবুর রহমানের বিরুদ্ধে কর্মচারী ও শিক্ষকদের কাছ থেকে প্রায় ১৮ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গতকাল রোববার সকালে আমতলী উপজেলা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে মামলা হয়েছে। কলেজের অফিস সহকারী ইউসুফ আলী বাদী হয়ে মামলাটি করেন।
মামলাটি আমলে নিয়ে আদালতের বিচারক বৈজয়ন্ত বিশ্বাস আমতলী-তালতলী সার্কেলের সহকারী পুলিশ সুপার আবদুল ওয়ারেচকে আগামী ১২ মার্চের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
মামলার আরজিতে উল্লেখ করা হয়, আমতলী ডিগ্রি কলেজ ২০১৬ সালের ৭ এপ্রিল জাতীয়করণ করা হয়। জাতীয়করণের পর সাবেক অধ্যক্ষ মজিবুর রহমান কলেজের শিক্ষক ও কর্মচারীদের কাছ থেকে জাতীয়করণের সব কাজ সম্পন্ন করার জন্য বিভিন্ন অজুহাতে ১১ জন চতুর্থ শ্রেণির কর্মচারী এবং ৪০ জন শিক্ষকের কাছ থেকে বিভিন্ন সময়ে ১৭ লাখ ৬০ হাজার টাকা নেন। এই টাকা কোথাও জমা না দিয়ে মজিবুর রহমান নিজে আত্মসাৎ করেন।
সাবেক অধ্যক্ষ মজিবুর তাঁর বিরুদ্ধে আনা অর্থ আত্মসাতের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমাকে সামাজিকভাবে হেয় করার জন্য মিথ্যা ও কাল্পনিক অভিযোগ দিয়ে এই মামলা করা হয়েছে।’