সাবেক অধ্যক্ষের রিমান্ড নামঞ্জুর
গাজীপুরের শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষের রিমান্ডের আবেদন নামঞ্জুর করেছেন আদালত। গতকাল মঙ্গলবার শুনানি শেষে গাজীপুরের বিচারিক হাকিম আদালতের বিচারক আবদুল হাই এ আদেশ দেন।
আদালতসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিএনপির নেতৃত্বাধীন জোটের ডাকা হরতাল-অবরোধের সময় নাশকতার একটি মামলায় শ্রীপুর থানার পুলিশ গত বৃহস্পতিবার সাবেক অধ্যক্ষ তোফাজ্জল হোসেনকে গ্রেপ্তার করে। পরে মামলার তদন্ত কর্মকর্তা শ্রীপুর থানার এসআই আমিনুল ইসলাম জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করে তাঁকে আদালতে পাঠান। আদালতের বিচারক রিমান্ড আবেদন নামঞ্জুর করেন।
আসামিপক্ষের আইনজীবী আবুল হাসেম বলেন, আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা ২০০৯ সালে অস্ত্র ঠেকিয়ে পদত্যাগপত্রে স্বাক্ষর নিয়ে অধ্যক্ষ তোফাজ্জল হোসেনকে কলেজ থেকে বের করে দেন। সেই ঘটনায় তোফাজ্জল হোসেন আদালতে মামলা করেন। বৃহস্পতিবার শ্রীপুর বাজার থেকে পুলিশ তাঁকে আটক করে থানায় নিয়ে মামলা তোলার জন্য চাপ দেয়।
শ্রীপুর থানার এসআই আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, তোফাজ্জল হোসেন কোনো মামলার এজাহারভুক্ত আসামি নন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা রাজনৈতিক বিষয়। এ ব্যাপারে আমি কিছু বলতে পারব না।’