সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলার আসামি জঙ্গি মিঠু গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার পলাতক এক আসামি মিজানুর রহমান ওরফে মিঠুকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) গ্রেপ্তার করেছে।র্যাব সূত্র জানায়, রোববার রাত ১১টার দিকে র্যাব-৯-এর একটি দল হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ছোটআলী গ্রামে অভিযান চালিয়ে মিঠুকে গ্রেপ্তার করে। তাঁর বাড়ি হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার সেকান্দরপুর গ্রামে।সংশ্লিষ্ট অপর একটি সূত্র জানায়, মিজানুর রহমান নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের সদস্য। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা কিবরিয়া হত্যার ঘটনায় ২০০৬ সালে গ্রেপ্তার হওয়া হরকাতুল জিহাদের সিলেট অঞ্চলের সংগঠন শরীফ শাহেদুল ইসলাম ওরফে বিপুল তখন জবানবন্দিতে গ্রেনেড হামলাকারীদের মধ্যে মিঠুর নামও বলেছিলেন। এর পর থেকে মিঠু পলাতক ছিলেন।র্যাব-৯-এর গণসংযোগ কর্মকর্তা লেফটেন্যান্ট ফয়েজ আল করিম জানান, মিঠুকে হবিগঞ্জ সদর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যেরবাজারে এক জনসভায় গ্রেনেড হামলায় শাহ কিবরিয়াসহ পাঁচজন নিহত হন। আহত হয় শতাধিক লোক। এ ঘটনায় হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সংসদ সদস্য আবদুল মজিদ খান হবিগঞ্জ সদর থানায় হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা করেন।