প্রায় ৬ কোটি টাকার সরকারি সম্পত্তি আত্মসাৎ মামলায় খুলনার বটিয়াঘাটা উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুর রহমান এবং সাব-রেজিস্ট্রারসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দু’এক দিনের মধ্যে আদালতে এ অভিযোগপত্র জমা দেওয়া হবে। সম্প্রতি কমিশন অভিযোগপত্র অনুমোদন দেয়।
যাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হচ্ছে তাঁরা হলেন, বটিয়াঘাটা উপজেলার ইউএনও সাজেদুর রহমান, বটিয়াঘাটা উপজেলা ভূমি অফিসের প্রধান সহকারী মতিয়ার রহমান, নিলামের মাধ্যমে কেনা জমির কথিত মালিক তুলসি বিশ্বাস, তৈয়বুর রহমান, জামাল বয়াতি, মো. জামাল ফরাজ, সরদার মাহবুবুর রহমান, মৃণাল কান্তি দে (বাবু), মো. রুহুল আমিন, সৈয়দ খসরু মিয়া, বাদশা মিয়া, দলিল লেখক মো. নজরুল ইসলাম এবং তৎকালীন সাব-রেজিস্ট্রার মো. ইউনুস আলী।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, ২০১১ সালের ১৭ এপ্রিল বটিয়াঘাটার রাইঙ্গামারি মৌজায় ২.৩৯ একর সরকারি সম্পত্তি স্থানীয় বাদশা মিয়া সহ কয়েকজন নিলামে ক্রয় দেখান। পরে সেটি তাঁদের নামে নামজারি হয়। এতে সরকারের অন্তত ৬ কোটি টাকার ক্ষতি হয়। এ ঘটনায় ২০১৪ সালের ১৮ আগস্ট মামলা করে দুদক। মামলার তদন্ত করেন দুদকের উপপরিচালক আব্দুছ ছাত্তার সরকার।