জলমহাল ইজারার প্রায় ৩৭ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগে সিলেটের কানাইঘাট উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমানসহ এক জলমহাল ব্যবসায়ীর বিরুদ্ধে ছয়টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।গতকাল সোমবার দুদক সিলেটের উপসহকারী পরিচালক রণজিৎ কুমার কর্মকার কানাইঘাট থানায় এই মামলা করেন।কানাইঘাট থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মুর্তজা জানান, মামলাগুলো গতকালই নথিভুক্ত করা হয়েছে।মামলার এজাহারে বলা হয়, সিলেটের সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) মিজানুর রহমান ২০০৩ সালে কানাইঘাটের ইউএনওর দায়িত্বে থাকাকালে নীতিমালা না মেনে কানাইঘাটের শেওতচুরা জলমহাল সিলেটের জৈন্তাপুর উপজেলার উমরপুর গ্রামের আবদুল মছব্বিরকে ১৪১১ থেকে ১৪১৬ বাংলা সনের জন্য ইজারা দেন। কিন্তু ইজারার অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়নি। এভাবে বার্ষিক ছয় লাখ ১৪ হাজার ৩০০ টাকা ৪০ পয়সা ইজারা সরকারি রাজস্ব হিসেবে ছয় বছরে মোট ৩৬ লাখ ৮৫ হাজার ৮০২ টাকা ইজারাদাতা ও ইজারা গ্রহীতা আত্মসাৎ করেছেন।মামলার বাদী প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্তে সরকারি টাকা আত্মসাতের অভিযোগের সত্যতা পাওয়ায় দণ্ডবিধির ৪০৯/৪০২ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় বছরভিত্তিক হিসেবে ছয়টি পৃথক মামলা করা হয়েছে।দুদকের কর্মকর্তারা জানান, মিজানুর রহমান কানাইঘাটের ইউএনওর দায়িত্ব পালনকালে পদোন্নতি পেয়ে ২০১১ সালে অতিরিক্ত জেলা প্রশাসক পদে যোগদান করেন। তিনি এডিসি শিক্ষা ও সার্বিক দায়িত্ব পালন শেষে চলতি বছরের জানুয়ারিতে পদোন্নতি পেয়ে সরকারের পরিকল্পনা কমিশনে কর্মরত রয়েছেন।