সাবেক ইউপি চেয়ারম্যান হত্যায় এসআই জড়িত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও শ্রমিকনেতা আবু বক্কর ছিদ্দিক ওরফে ধনু মিয়া হত্যাকাণ্ডে হোসেনপুর থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জড়িত বলে অভিযোগ করা হয়েছে। গতকাল বুধবার কিশোরগঞ্জ প্রেসক্লাবে আবু বক্কর ছিদ্দিক ধনু মিয়া স্মৃতি পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান, পরিষদের যুগ্ম আহ্বায়ক নিজামউদ্দিন খান। এতে জানানো হয়, গত ২৯ জানুয়ারি দিনের বেলায় কুপিয়ে হত্যা করা হয় আবু বক্করকে। তাঁকে অ্যাম্বুলেন্সে করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান এসআই নজরুল ইসলাম। কিন্তু হাসপাতালের খাতায় (ইনজুরি রেজিস্টারে) আঘাতজনিত কারণে মৃত্যুর কথা না লিখিয়ে সড়ক দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়েছে বলে লেখান নজরুল ইসলাম। এ ঘটনা জানাজানি হলে পরদিন পরিবারের পক্ষ থেকে হাসপাতালের পরিচালক বরাবর আবেদন করা হয়। তখন হাসপাতাল কর্তৃপক্ষ জানতে পারে আঘাতজনিত কারণে আবু বক্করের মৃত্যু হয়েছে। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, আবু বক্করের হত্যাকারীদের সঙ্গে নজরুল ইসলামের আগে থেকেই যোগাযোগ ছিল। এসআই নজরুল ইসলাম তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, হাসপাতালের খাতায় ভুলবশত মৃত্যুর কারণ সড়ক দুর্ঘটনা লেখা হয়েছিল।সংবাদ সম্মেলনে নিহত আবু বক্কর ছিদ্দিকের মা সুফিয়া আক্তার, স্ত্রী শিরিন আক্তার, জেলা মোটরযান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এ বি এম সিরাজুল ইসলাম, আওয়ামী লীগের নেতা অধ্যক্ষ শরীফ সাদী, সৈয়দ আশফাকুল ইসলাম ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ উপস্থিত ছিলেন।