সাবেক ইউপি চেয়ারম্যানকে হত্যার চেষ্টা, গ্রেপ্তার ৫
চট্টগ্রামের বাকলিয়া এলাকায় মনসুর আহমেদ নামের এক সাবেক ইউপি চেয়ারম্যানকে হত্যাচেষ্টার সময় অস্ত্রধারী পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মনসুর বোয়ালখালীর অহল্লা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান। গতকাল রোববার সকালে বাকলিয়ার ডিসি রোডে মনসুরের বাসায় ঢোকার মুখে ওই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন প্রিটন কান্তি সরকার (২২), সুজিত দে (৩৪), মো. অনিক (৩০), সুকুমার সরকার (২৩) ও সাগর সরকার (২৮)। তাঁদের কাছ থেকে পাঁচটি ছোরা উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে তাঁরা মনসুর আহমেদকে হত্যার জন্য এসেছিলেন বলে স্বীকার করেছেন। তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও পুলিশ জানিয়েছে। আবুল মনসুর আহমেদ এই হত্যাচেষ্টার জন্য তাঁর প্রতিপক্ষ ও অহল্লা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আবদুল মান্নান ও তাঁর ভাইদের দায়ী করেছেন। আবদুল মান্নানের বড় ভাই নজরুল ইসলাম একসময় এই ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। প্রায় এক বছর ধরে তিনি নিখোঁজ রয়েছেন। অভিযানে অংশ নেওয়া বাকলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আনসারুল করিম বলেছেন, গত শনিবার তাঁরা খবর পান আবুল মনসুরকে হত্যা করার জন্য একদল সন্ত্রাসী রোববার সকাল সাড়ে ছয়টা থেকে সাতটার মধ্যে তাঁর বাসায় যাবে। এ ব্যাপারে নিশ্চিত হয়ে তাঁরা গতকাল ভোরে মনসুরের বাসার কাছে অবস্থান নেন। আনসারুল করিম বলেন, সকাল সাতটা ৪০ মিনিটে পাঁচজনের একটি দল ভবনে ঢোকে। দুজন ভবনের ফটকে পাহারায় থাকে। অপর তিনজন সিঁড়ি বেয়ে ওপরে উঠতে থাকে। ওই ভবনের তৃতীয় তলায় আবুল মনসুর থাকেন। তাঁরা দোতলা পর্যন্ত ওঠার পর তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে ফটক থেকে বাকি দুজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় বাকলিয়া থানায় দুটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হত্যাচেষ্টার ষড়যন্ত্রকারী হিসেবে দুই ব্যক্তির নাম বললেও তদন্তের স্বার্থে পুলিশ তা প্রকাশ করেনি।